
ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ। সব সময়ই সক্রিয় ষড়যন্ত্রকারীরা। বর্তমান বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। আজও মুখোশ পরে সাধারণ মানুষের কাতারে মিশে থাকে দেশদ্রোহীরা। সুযোগ পেলেই জাতীয় পতাকা ছুড়ে ফেলে অপমান করতে চায় জাতিকে। আর সেই ছুড়ে ফেলা পতাকা কুড়িয়ে নিয়ে এগিয়ে চলে তারুণ্য, পথ দেখায় দেশকে। এভাবেই শিল্পকলার অনিরুদ্ধ মুক্তমঞ্চে নাচ, মূকাভিনয় ও নাটিকার মাধ্যমে তারুণ্যের পথচলা উপস্থাপন করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।
২২ নভেম্বর জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত ‘কনফিডেন্স সিমেন্ট-প্রথম আলো তারুণ্য উৎসব ২০১৪’–এর সমাপনী আসরে এ সাংস্কৃতিক নৈপুণ্য প্রদর্শন করে আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় দল। এতে প্রথম রানার আপ হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও দ্বিতীয় রানার আপ হয় পোর্ট সিটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়।

তিন দিনব্যাপী তারুণ্য উৎসবে এ বছর অংশ নিয়েছে চট্টগ্রামের ১৬টি বিদ্যালয়, আটটি কলেজ ও নয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দ্বিতীয়বারের মতো আয়োজিত এ উৎসবে ছিল বিদ্যালয় ও কলেজের বিতর্ক এবং বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা। যে শিক্ষার্থীরা সারা দিন ব্যস্ত থাকেন পড়ালেখা নিয়ে, তাঁরা মেতে উঠলেন আনন্দ আয়োজনে। এ উৎসবের মাধ্যমে তারুণ্যের গর্জন শুনেছে চট্টলা।
২০ নভেম্বর সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ সাফিয়া গাজী রহমান, কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের নির্বাহী পরিচালক জহিরউদ্দিন আহমেদ ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। উদ্বোধন শেষে ছিল বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা।
দ্বিতীয় দিন দুপুরে শিল্পকলা একাডেমীর মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা। এতে ‘বাংলাদেশ ও তারুণ্য’ বিষয়ের ওপর চট্টগ্রামের নয়টি বিশ্ববিদ্যালয় নাচ, গান, মূকাভিনয়, আবৃত্তি ও কৌতুক পরিবেশনের মাধ্যমে মুগ্ধ করে দর্শকদের। প্রতিটি বিশ্ববিদ্যালয় ১২ মিনিট করে সময় পায় তাদের পরিবেশনার জন্য। সাংস্কৃতিক নৈপুণ্য প্রদর্শন শেষে সমাপনী দিনের চূড়ান্ত প্রতিযোগিতার জন্য বিচারকদের রায়ে নির্বাচিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও পোর্ট সিটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়।
২২ নভেম্বর শেষ দিনে শিল্পকলার মুক্তমঞ্চে বসে বিদ্যালয় ও কলেজ বিতর্কের চূড়ান্ত পর্বের আসর। বিতর্ক বিভাগে বিদ্যালয় পর্যায়ে চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কলকাকলি উচ্চবিদ্যালয়। কলেজ পর্যায়ে চট্টগ্রাম বিজ্ঞান কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সরকারি হাজী মুহাম্মদ মুহসীন কলেজ। প্রতিযোগিতা শেষে বন্ধুসভার সদস্য সঞ্জয় বিশ্বাসের সঞ্চালনায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া, চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ইরশাদ কামাল খান, কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের নির্বাহী পরিচালক জহিরউদ্দিন আহমেদ ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। এ আয়োজনের সহযোগিতায় ছিল প্রথম আলো বন্ধুসভা।