আমার সামনে নৌকা ভাঙা ছেলে এবার মনোনয়ন পেয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরঞ্জিত কুমার সরকার

রাজশাহীর মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) গত নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর ছেলেকে এবার মনোনয়ন দেওয়া হয়েছে। ২০১৬ সালের নির্বাচনে ওই ইউনিয়নে নৌকার প্রার্থী ছিলেন মোহনপুর উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক সুরঞ্জিত কুমার সরকার। সে সময় বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান। এবার দলীয় নির্দেশনা রয়েছে, বিদ্রোহী প্রার্থীকে মনোনয়ন দেওয়া যাবে না। তবে মনোনয়ন দেওয়া হয়েছে বিদ্রোহী প্রার্থীর ছেলে বাবলু হোসেনকে। এ নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন মনোনয়নবঞ্চিত নেতা সুরঞ্জিত কুমার সরকার।

প্রশ্ন:

প্রথম আলো: সব সময় একই ব্যক্তি মনোনয়ন পাবেন—এমন কোনো কথা নেই। মনোনয়ন না পেয়ে আপনি সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করছেন কেন?

সুরঞ্জিত কুমার সরকার: আমার পক্ষে ক্ষুব্ধ জনগণ বিক্ষোভ করছেন। তাঁরা এই মনোনয়ন মেনে নিতে পারছেন না। আমিও সংবাদ সম্মেলন করেছি। আমিও এই মনোনয়ন মেনে নিতে পারছি না। কারণ, যে ছেলেকে মনোনয়ন দেওয়া হয়েছে, সেই ছেলে ২০১৬ সালের ইউপি নির্বাচনে আমার সামনে নৌকা ভেঙেছেন। তাঁর বাবা খলিলুর রহমান ছিলেন বিদ্রোহী প্রার্থী। তাঁকে মনোনয়ন না দিয়ে এবার তাঁর ছেলেকে দেওয়া হয়েছে। এই ছেলেকে কেউ কোনো দিন কোনো দলীয় কর্মসূচিতে দেখেননি। তাঁর দলীয় কোনো পদ নেই। দলে তিনি ছাড়াও অনেক যোগ্য লোক রয়েছে। তাদের বাদ দিয়ে এ রকম এক ছেলেকে মনোনয়ন দেওয়ার কারণেই এ ক্ষোভ ও প্রতিবাদ হচ্ছে।

প্রশ্ন:

প্রথম আলো: গত নির্বাচনে তো আপনি বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে গিয়েছিলেন, আপনার জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন ওঠে কি?

সুরঞ্জিত কুমার সরকার: গত নির্বাচনে আমি বিদ্রোহী প্রার্থীর কাছে প্রায় ৬০০ ভোটে হেরেছিলাম। এর কারণ স্থানীয় সাংসদ প্রকাশ্যে নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। নেতা-কর্মীদেরও সেই নির্দেশনা দিয়েছিলেন। নির্বাচনের পর আমি সেটা জেলা কমিটির সভায় তুলেছিলাম।

প্রশ্ন:

প্রথম আলো: এবার মনোনয়ন না পাওয়ার কারণ কী বলে মনে করছেন?

সুরঞ্জিত কুমার সরকার: গত নির্বাচনের পরে খলিলুর রহমানকে বহিষ্কার করা হয়েছিল। রাজশাহীর পবা ও মোহনপুর আসনের সাংসদ আয়েন উদ্দিনের ইচ্ছায় তাঁকেই আবার আহ্বায়ক করে ইউনিয়ন কমিটি গঠন করা হয়। খলিলুর রহমানকেই আবার সভাপতি করা হয়। এটা করা হয়েছে শুধু আমাকে মনোনয়ন না দেওয়ার পূর্বপরিকল্পনা থেকে। আগে থেকেই সেই ষড়যন্ত্র করা হয়েছে। আমাকে সুকৌশলে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। তাই কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে আমার বিষয়টি পুনর্বিবেচনার জন্য আবেদন করেছি।

প্রশ্ন:

প্রথম আলো: দল যদি আপনার আবেদন বিবেচনা না করে, তাহলে কী করবেন?

সুরঞ্জিত কুমার সরকার: আমরা আওয়ামী লীগ করি। দলের বাইরে যেতে পারব না। দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে নৌকাতেই ভোট দেব। তবে মনোনয়নপত্র প্রত্যাহার করিনি। আমি আশাবাদী, মনোনয়ন বোর্ড আমার আবেদন বিবেচনা করবে।

প্রশ্ন:

প্রথম আলো: স্থানীয় সাংসদ আপনাকে খারাপ কথা বলেছেন, এ রকম কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এটা কীভাবে হলো?

সুরঞ্জিত কুমার সরকার: গত পরশু সংবাদ সম্মেলনে আমি কথাটা বলেছিলাম। তখন সাংবাদিকেরা আমার কাছে জানতে চেয়েছিলেন যে সাংসদ আপনাকে খারাপ কথা বলেছেন, তার কী প্রমাণ আছে। সাংসদের সঙ্গে আমার কথোপকথনটি স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হয়েছিল। সেটিই সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রমাণ হিসেবে দেখাতে হয়েছিল। সেটিই ছড়িয়েছে।

প্রশ্ন:

প্রথম আলো: এরপর কি সাংসদ আপনাকে কিছু বলেছেন?

সুরঞ্জিত কুমার সরকার: না, এরপর কিছু বলেননি।

প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।
সুরঞ্জিত কুমার সরকার: আপনাকেও ধন্যবাদ।