আমার সোনার চান পোলারে আইনা দাও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটিতে পাহাড় ধসের পর উদ্ধার অভিযানে গিয়ে সেনা সদস্য আজিজুর রহমানের মৃত্যু সংবাদ পেয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন তাঁর মা। ছবিটি আজ বৃহস্পতিবার আজিজুরের গ্রামের বাড়ি শ্রীনাথদী থেকে তোলা। ছবি: প্রথম আলো
রাঙামাটিতে পাহাড় ধসের পর উদ্ধার অভিযানে গিয়ে সেনা সদস্য আজিজুর রহমানের মৃত্যু সংবাদ পেয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন তাঁর মা। ছবিটি আজ বৃহস্পতিবার আজিজুরের গ্রামের বাড়ি শ্রীনাথদী থেকে তোলা। ছবি: প্রথম আলো

‘আমার সোনার চান পোলারে আইনা দাও! আমার বাবায় কই গেল রে...আমার বুকের ধনরে তোমরা য্যামনে পারো নিয়া আহো! আমার কালাচানরে আইনা দাও!’ এভাবেই কান্নায় দিশেহারা হয়ে পড়েছেন রাঙামাটিতে পাহাড়ধসে নিহত সেনাসদস্য আজিজুর রহমানের মা করপলি বেগম। বড় ছেলের এমন মৃত্যু যেন কিছুতেই মেনে নিতে পারছেন না এই মা।

রাঙামাটিতে পাহাড় ধসের পর উদ্ধার অভিযানে গিয়ে নিহত সেনা সদস্য আজিজুর রহমান। ছবি: সংগৃহীত
রাঙামাটিতে পাহাড় ধসের পর উদ্ধার অভিযানে গিয়ে নিহত সেনা সদস্য আজিজুর রহমান। ছবি: সংগৃহীত

রাঙামাটিতে পাহাড়ধসে উদ্ধারকাজে সড়কে যান চলাচল স্বাভাবিক করতে গিয়ে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও মাদারীপুর সদর উপজেলার দত্ত কেন্দুয়া ইউনিয়নের শ্রীনাথদী গ্রামের খলিলুর রহমানের বড় ছেলে আজিজুর রহমান। আজ বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকেই তাঁর বাড়িতে চলছে মাতম। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ।

স্বজন ও এলাকাবাসী জানান, আজিজুর রহমান ২০০২ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। তিন ভাই ও দুই বোনের মধ্যে আজিজুর ছিলেন বড়। চাকরির পর তিনিই পরিবারের দেখভাল করতেন। ২০১৪ সালে রাজৈর উপজেলার দুর্গাবত্তী গ্রামের আবদুর সালাম হাওলাদারের মেয়ে নিপা আক্তারকে বিয়ে করেন আজিজুর। তাঁদের তাহাসিনা নামে এক কন্যাসন্তান রয়েছে।

গত মঙ্গলবার রাঙামাটির মানিকছড়িতে পাহাড়ধস হলে সড়কে যান চলাচল স্বাভাবিক করতে গিয়ে পাহাড় ধসে নিখোঁজ হন আজিজুর রহমান। এর তিন দিন পর আজ বৃহস্পতিবার সকালে আজিজুরের লাশ পাওয়া যায়। এ খবর মুঠোফোনে জানতে পেরে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্বজনেরা। আগামীকাল শুক্রবার সকালে হেলিকপ্টারযোগে মাদারীপুর জেলার আচমত আলী খান স্টেডিয়ামে নিহত সেনাসদস্যের লাশ নিয়ে আসার কথা রয়েছে। এরপর বাদ আসর নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার গ্রামের বাড়িতে বসে আজিজুর রহমানের বাবা খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমার বাজান চলে গেছে। চাকরি পাওয়ার পর থেকে পরিবারের সব খরচ আমার এই বাজান দিত। কখনো কামে-কাইজে গেলে আমারে রাগারাগি করত। আমার যে আর কিছুই করার নাই।’

দত্ত কেন্দুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য বাচ্চু শিকদার বলেন, ‘এই পরিস্থিতিতে আমরা এখন তাঁর পরিবারকে সান্ত্বনা ছাড়া আর কিছুই দিতে পারছি না। আজিজুর আমাদের গ্রামের গর্ব ছিল। তাঁর এভাবে মৃত্যু গ্রামবাসী কিছুতেই মানতে পারছে না।’

আজিজুরের চাচা ইউনুস ব্যাপারী বলেন, ‘সরকারের কাছে এখন একটাই দাবি, সরকার যেন এই পরিবারটিকে দেখে রাখে। তাঁর বাবা-মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। আমরা এলাকাবাসীও মেনে নিতে পারছি না।’

মাদারীপুর সদর মডেল থানার কর্মকর্তা (ওসি) জিয়াউর মোর্শেদ বলেন, ‘আমরা আজিজুর রহমানের মৃত্যুর সংবাদ পেয়েছি। সরকারিভাবে তাঁর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি সরকারি কর্মকর্তারাও অংশ নেবেন।’