‘আমার সোনার ভিটাবাড়ি গেল রে...’
বসতবাড়ির অধিকাংশ নদীগর্ভে চলে গেছে সত্তরোর্ধ্ব বিধবা মানিকজান বেগমের। ছাপরা ঘরটি সরিয়ে নেওয়ায় পড়ে আছে অবশিষ্ট শূন্য ভিটা। নদীর তীরে ভিটার একাংশে বসে মানিকজান আহাজারি করছিলেন আর বলছিলেন, ‘আমার সোনার ভিটাবাড়ি গেল রে..., কতজনরে কইলাম কেউ আইল না রে...। গাঙে (নদী) আমার থাহার জায়গাটাও নিয়্যা গেল রে...। আমি এহন থাহুম কোনে রে...।’
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ার চর গ্রামে মানিকজানের স্বামীর বসতভিটা পাঁচ দিন আগে পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেছে। আশ্রয়ের শেষ সম্বলটুকু হারিয়ে গত বৃহস্পতিবার দুপুরে নদীর তীরে বসে মানিকজান আহাজারি করছিলেন। মানিকজান জানান, ২০ বছর আগে দিনমজুর স্বামী মারা গেছেন। ছেলে ও মেয়ের বিয়ের পর তাঁরা অন্য স্থানে চলে গেছেন। নদীপাড়ে স্বামীর রেখে যাওয়া বসতভিটায় একাই থাকতেন। বিধবা ভাতায় কোনোরকমে চলত তাঁর একাকী সংসার। গত রোববার সেই বসতভিটাও গিলে খেয়েছে পদ্মা।
এ আহাজারি শুধু মানিকজানের নয়, হরিরামপুর উপজেলায় পদ্মা নদীর ভাঙনে সর্বস্বান্ত হওয়া আরও অনেক পরিবারের। অনেকে বসতভিটা ও ফসলি জমি ভাঙনের ঝুঁকিতে আছেন। এলাকাবাসীর ভাষ্য, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব এবং গত দুদিনে বৃষ্টির কারণে হরিরামপুরে পদ্মা নদীর পানি বেড়ে গেছে। এতে নদীর তীব্র স্রোতে হরিরামপুরের কাঞ্চনপুরা ইউনিয়নের কুশিয়ার চর, উজানপাড়া, মোহাম্মদপুর, বৈদ্যকান্দি, শুভ্রকান্দি, গৌরবর্ধিয়া, কোটকান্দি, কালীতলা, মালুচি এবং গোপীনাথপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে বেশ নদীভাঙন শুরু হয়েছে। এক সপ্তাহে এসব গ্রামের ৩৫-৪০ বসতভিটা এবং বেশ কয়েক বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। একমাত্র আশ্রয়স্থল বসতভিটা হারিয়ে দিশেহারা এসব মানুষ ত্রাণ নয়, টেকসই বাঁধ চান।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ার চর গ্রামে প্রবল ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে ভাঙনের কারণে বেশ কয়েকটি পরিবার কেউ অন্যের বাড়িতে, আবার কেউ রাস্তার পাশে আশ্রয় নিয়েছেন। ভাঙনের কবল থেকে রক্ষায় কেউ ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন। আবার কেউ গাছপালা কেটে নিচ্ছেন।
কুশিয়ার চর গ্রামের নাসির প্রামাণিক (৬০) বসতঘর হারিয়ে স্ত্রী ও দুই সন্তান নিয়ে এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছেন। নদীপাড়ে কথা হলে তিনি বলেন, ‘আবাদি জমিজমা যা আছিল তা আগেই নদীতে চলে গেছে। চার-পাঁচ দিন আগে মাথা গোঁজার এই বসতভিটাও নদীতে ভাইঙা গ্যাছে। এই বয়সে পরিবার নিয়্যা এহন অন্যের বাড়িতে থাকছি।’
কোটকান্দি গ্রামের বৃদ্ধ আবুল ফজল বলেন, ইতিমধ্যে তাঁর ১০ বিঘা ফসলি জমির সবই নদীগর্ভে চলে গেছে। অবশিষ্ট বসতভিটারও অর্ধেক নদীতে চলে গেছে।
কাঞ্চনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, উপজেলার ১৩ ইউনিয়নের মধ্যে ১১টিই নদীভাঙনের শিকার। ধূলশুড়া থেকে রামকৃষ্ণপুর পর্যন্ত প্রায় নয় কিলোমিটার বাঁধ নির্মাণ হওয়ায় সেখানে ভাঙন রোধ হয়েছে। বাহাদুরপুর থেকে মালুচি পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকায় ভাঙনের তীব্রতা বেড়েছে। এখানকার মানুষ ত্রাণ চায় না, নদীর ভাঙনরোধে এই চার কিলোমিটার অংশে টেকসই বাঁধ চায়।
কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইউনুস গাজী বলেন, এই ইউনিয়নের ১৩টি মৌজার মধ্যে ১২টিই নদীতে বিলীন হয়ে গেছে। বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ ঝিটকা-বাল্লা গুরুত্বপূর্ণ সড়কটি ভাঙনের ঝুঁকির মধ্যে রয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা ত্রাণ চাই না, বাঁধ চাই।’
মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, উপজেলার বাহাদুরপুর থেকে মালুচি পর্যন্ত প্রায় চার কিলোমিটার বাঁধ নির্মাণে প্রকল্প অনুমোদন হয়েছে। আগামী চার মাস পর থেকে এ বাঁধের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।