প্রমার আয়োজনে এ টি এম সাইফুর রহমানের একক আবৃত্তি সন্ধ্যাটির শিরোনাম ছিল ‘আমি কোনো আগন্তুক নই’। ১৬ অক্টোবর সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তন ভর্তি দর্শক–শ্রোতার করতালির ভেতর তিনি আবৃত্তি শুরু করেন কবি আহসান হাবীবের বিখ্যাত এই কবিতাটি দিয়েই। তারপর একে একে তিনি আবৃত্তি করেন সুকান্ত ভট্টাচার্যের ‘প্রিয়তমাসু’ ও ‘স্মারক’, কবি জীবনানন্দ দাশের ‘অন্ধকার’, জসীমউদ্দীনের ‘বছিরদ্দি মাছ ধরিতে যায়’, কবি শামসুর রাহমানের ‘বাইবেলের কালো অক্ষরগুলো’। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রমার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল। জেরিন মিলির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবৃত্তিশিল্পী রাশেদ হাসান। কিছু কথামালা শেষে আবার শিল্পীর কণ্ঠে ধ্বনিত হলো কবিতার চরণ। দ্বিতীয় পর্যায়ে তিনি আবৃত্তি করলেন হৃদয় ছুঁয়ে যাওয়া সুভাষ মুখোপাধ্যায়ের অনুবাদ কবিতা নাজিম হিকমতের ‘আমি জেলে যাবার পর’ ও ‘জননী ও জন্মভূমি’, রামচন্দ্র পাল ও মোফাজ্জল করিমের সংকলন কবিতা ‘কৃষ্ণকলি ও শ্রাবণসখা’, কাজী নজরুল ইসলামের ‘রক্তাম্বর-ধারিণী মা’। সঞ্জীব চট্টোপাধ্যায়ের রম্য কবিতা ‘নাড়িয়ে দাও’ একটু অন্য রকম আমেজ নিয়ে আসে অনুষ্ঠানে। শান্তি লাহিড়ীর ‘যেতে চাস চলেই যাবি’, জীবনানন্দের ‘বনলতা সেন’, মহাদেব সাহার ‘এক কোটি বছর তোমাকে দিখি না’–এর মতো জনপ্রিয় কবিতাগুলো আবৃত্তির সময় মিলনায়তনে বিরাজ করছিল পিনপতন নিস্তব্ধতা। মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত কবিতা হুমায়ুন আজাদের ‘তোমার দিকে আসছি’ ও ‘পঙ্গু মুক্তিযোদ্ধার উদ্দেশ্যে’ দর্শকের চেতনায় নাড়া দেয়। শিল্পী অনুষ্ঠানের ইতি টানেন রবীন্দ্রনাথের ‘পরিচয়’ কবিতাটির মধ্য দিয়ে।