‘আমি টাকা চাইছি না, প্রতারিত হবেন না...’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরিচয়ে মুঠোফোনে কল করে টাকা দাবি করেছেন এক প্রতারক। গতকাল রোববার উপজেলার একটি ইউনিয়ন পরিষদের সচিব ও দুজন সদস্যের কাছে টাকা দাবি করা হয়। তাঁদের কাছে কল করে বলা হয়, ‘আমি কাজীপুরের ইউএনও বলছি। আপনার ওখানে নানা সমস্যা আছে। এগুলো সমাধান করতে এই নম্বরে টাকা দিতে হবে।’

ইউনিয়ন পরিষদের সচিব ও দুজন সদস্য এমন ফোন পেয়ে বিষয়টি নিয়ে জানতে কাজীপুরের ইউএনও জাহিদ হাসান সিদ্দিকীকে কল করেন। তখন ইউএনও তাঁর নাম ভাঙিয়ে প্রতারণার বিষয়টি জানতে পারেন। তিনি ইউএনও কাজীপুর ফেসবুক আইডিতে পোস্ট দেন। এতে তিনি উল্লেখ করেন, ‘আমি কারও কাছে টাকা চাইছি না। দয়া করে কেউ প্রতারিত হবেন না...।’

আজ সোমবার সকাল ৯টার দিকে কাজীপুরের ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, প্রতারণার বিষয়টি জানার পর সবাইকে সতর্ক করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি পোস্ট দিয়েছেন।