পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় আবদুল ছত্তারসহ আটজন এই সমস্যায় পড়েছেন। তাঁরা নিজেদের জীবিত প্রমাণ করতে আবেদন করেছেন।
আবদুল ছত্তারের (৮৩) দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি, স্ত্রীসহ সাত সদস্যের সংসার। কোনোরকমে দিন চলে তাঁর। ২০১৯ সালের জুলাইয়ে বয়স্ক ভাতার তালিকায় অর্ন্তভুক্ত হন তিনি। ২০২০ সালের জুন পর্যন্ত ভাতা উত্তোলন করেছেন আবদুল ছত্তার। তবে ওই বছরের জুলাই থেকেই ভাতা বন্ধ রয়েছে তাঁর। কারণ, ভোটার তালিকার হালনাগাদ তথ্যানুযায়ী তিনি মৃত।
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় আবদুল ছত্তারসহ আটজন এই সমস্যায় পড়েছেন। তাঁরা নিজেদের জীবিত প্রমাণ করতে আবেদন করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে। সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন, ভোটার তালিকায় ভুল তথ্য লিপিবদ্ধ হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। এদিকে ভাতাসহ রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। জাতীয় পরিচয়পত্র অনলাইনে যাচাই করতে গেলে তাঁদের মৃত দেখানো হচ্ছে।
তথ্য সংগ্রহকারীরা ভোটার তালিকা হালনাগাদের সময় ভুল তথ্য লিপিবদ্ধ করায় সমস্যাটি তৈরি হতে পারে।শাহাদত হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা
মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের মজিদবাড়িয়া গ্রামের বাসিন্দা আবদুল ছত্তার। গতকাল শুক্রবার তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি তো এহনো বাঁইচ্যা আছি। কিন্তু ওরা (নির্বাচন অফিস) কয়, আমি নাকি মইরা গেছি। সমাজসেবা অফিস আমার ভাতা বন্ধ কইরা দিছে। চেয়ারম্যানের কাছ থেকে কাগজ (প্রত্যয়ন) নিয়া তিন মাস আগে জমা দিছি নির্বাচন অফিসে। কিন্তু এহনো কাজ হইতেছে না।’
একপর্যায়ে ক্ষোভের সঙ্গে আবদুল ছত্তার বলেন, ‘কবে কার্ড ঠিক হইবে, আবার কবে ভাতা পামু জানি না। মইরা গেলে আর সংশোধন করা লাগবে না।’
আবদুল ছত্তারের মতো ভোগান্তিতে পড়েছেন মির্জাগঞ্জ ইউনিয়নের আমেনা বেগম, সমর্তবান বেগম ও সোহরাব গোলদার, মাধবখালী ইউনিয়নের হাজেরা বেগম, কাঁকড়াবুনিয়া ইউনিয়নের করিম হাওলাদার, খলিল হাওলাদার ও মজিদবাড়িয়া ইউনিয়নের আম্বিয়া বেগম।
মির্জাগঞ্জ গ্রামের সোহরাব গোলদার (৬৬) বলেন, ‘অনলাইনে বয়স্ক ভাতা পাওয়ার জন্য আবেদন করতে এসে জানতে পারলাম, আমি নাকি মৃত। বয়স্ক ভাতার আবেদন রেখে এখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে প্রত্যয়ন নিয়ে নিজেকে জীবিত প্রমাণের চেষ্টা করছি।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘ভোটার তালিকার অনলাইন সংস্করণ অনুযায়ী কিছু জীবিত মানুষকে মৃত দেখানো হচ্ছে। এ কারণে উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। যত দিন নির্বাচন কমিশন থেকে ভোটার তালিকা সংশোধন করা না হবে, তত দিন ভাতাসহ যাবতীয় সুযোগ–সুবিধা দেওয়া সম্ভব হবে না।’
এ প্রসঙ্গে উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, ‘তথ্য সংগ্রহকারীরা ভোটার তালিকা হালনাগাদের সময় ভুল তথ্য লিপিবদ্ধ করায় সমস্যাটি তৈরি হতে পারে। এ পর্যন্ত সংশোধনের আবেদন করেছেন আটজন। এখন উপজেলাতেই এ ধরনের আবেদন নিষ্পত্তি করা যাবে। আশা করি, শিগগির সমস্যার সমাধান হবে।’