‘আমীর আলী স্যারের’ ৮৫তম জন্মদিনে শুভানুধ্যায়ীদের আড্ডা
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমীর আলী চৌধুরীর ৮৫তম জন্মদিন ঘিরে শুভানুধ্যায়ীদের নিয়ে আড্ডার আয়োজন করেছেন কলেজের সাবেক শিক্ষার্থীরা। এ সময় প্রিয় শিক্ষককে নিয়ে কলেজজীবনের নানা সুখস্মৃতির ঝাঁপি মেলে ধরেন তাঁরা। ফুলেল শুভেচ্ছা, কেক কাটা, স্মৃতিচারণায় প্রাণবন্ত হয়ে ওঠে আয়োজন।
মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার নাহার প্লাজায় এ অনুষ্ঠান হয়।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষের পদ থেকে ২৭ বছর আগে অবসর নিয়েছিলেন আমীর আলী চৌধুরী। এখনো তিনি সামাজিক নানামুখী অনুষ্ঠানে অংশ নেন। থাকেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।
আমীর আলী চৌধুরী গুণকীর্তন করে বক্তারা বলেন, ‘আমীর আলী চৌধুরী এখনো চিরসবুজ, চিরতরুণ। তাঁর সাহচর্য পেয়ে ধন্য আমরা। তিনি এখনো আমাদের মধ্যে আছেন—এটা সৌভাগ্যের। তিনি শতায়ু হোন।’ এ সময় আমীর আলী চৌধুরী বলেন, ‘এখনো মনের জোরে টিকে আছি। ভালোবাসার বন্ধনেই চলছি। সুস্থ থেকেই চলে যেতে চাই।’
অনুষ্ঠানে বক্তব্য দেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও নজরুল গবেষক আলী হোসেন চৌধুরী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি দুলাল নন্দী, বেসরকারি উন্নয়ন সংস্থা পেজের নির্বাহী পরিচালক লোকমান হাকিম, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত, সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লা জেলা শাখার সভাপতি শাহ মো. আলমগীর, সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সভাপতি রোকেয়া বেগম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর, লালমাই সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শফিকুর রহমান, বাংলাদেশ ব্রেস্ট ক্যানসার অ্যাওয়ারনেস সোসাইটির সভাপতি এ বি এম খোরশেদ আলম, আবৃত্তিকার বদরুল হুদা, কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম, কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম, কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া খোন্দকার, কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজীউল হক ভূঁইয়া।