আম্পানের ধাক্কা না কাটতেই ঘের মালিকেরা ঘায়েল জোয়ারে
পাঁচ একর জমিতে মাছের ঘের। দেড় লাখ টাকার পোনা কিনে ছাড়েন সেই ঘেরে। কিন্তু ১৫ দিনও পার হয়নি। এরই মধ্যে প্রবল জোয়ারের হানা। তাতে ভেসে গেছে আল মামুনের (৪৮) ঘেরের মাছ। কিছুদিন পর মাছ বেচে যেখানে ঘূর্ণিঝড় আম্পানের ক্ষতি পোষানোর আশায় ছিলেন, সেখানে সব হারিয়ে এখন দিশেহারা তিনি।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর যমুনা গ্রামের এই মৎস্য চাষি বললেন, মাত্র তিন মাস আগে আঘাত হেনেছিল আম্পান। ওই ঘূর্ণিঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাসে তাঁর ঘেরের বাঁধ ভেঙে ভেসে যায় মাছ। ঘেরের মাছগুলো তখন বড় হয়ে গিয়েছিল। কদিন বাদেই মাছ বিক্রি করতে পারতেন। এমন সময়ে জলোচ্ছ্বাসে তাঁর অন্তত ৮ লাখ টাকার ক্ষতি হয়। তবু তিনি দমে যাননি। ঘেরের বিধ্বস্ত বাঁধ মেরামত করে নেন। দেড় লাখ টাকা দিয়ে বাগদা, শলাচিংড়ি, রুই, কাতলা ও কোরাল মাছের পোনা কেনেন। ঘেরে এসব পোনা ছাড়েন চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে। কিন্তু বেশি উচ্চতার জোয়ারে সেই মাছও ভেসে গেছে। পরপর দুই দফা ক্ষতিগ্রস্ত হয়ে এখন দিশেহারা তিনি।
আল মামুনের মতো পটুয়াখালীর ক্ষতিগ্রস্ত অনেক মৎস্যচাষি এখন ক্ষতিপূরণ পাওয়ার আশায় মৎস্য অফিসে ঘুরছেন। রাঙ্গাবালী উপজেলার কাজীর হাওলা গ্রামের মাছ চাষি শাহাদাৎ প্যাদাও (৩৫) জোয়ারে বড় ক্ষতির মুখে পড়েছেন। তাঁর ১১ একর জমিতে মাছের ঘের। পুরোটাই নিচু জমি। তাই ভেবেছিলেন, ধানের আবাদের চেয়ে মাছের ঘেরে লাভ বেশি হবে। এই আশায় ঘের করে মাছ ছেড়েছিলেন। আম্পানের সময় জলোচ্ছ্বাসে শাহাদাতের অন্তত ৩০ লাখ টাকার মাছ ভেসে যায়। এরপর মাসখানেক আগে ৫ লাখ টাকায় নতুন করে বাগদা, শলাচিংড়ি, রুই, কাতলা, কোরাল মাছের পোনা ছাড়েন ঘেরে। কিন্তু সেই মাছও জোয়ারের সাম্প্রতিক জলোচ্ছ্বাসে ভেসে গেছে।
আশা ছিল, মাছ বিক্রি করে ৪০ লাখ টাকা পাবেন। আম্পানের ক্ষতি পুষিয়ে নিতে পারতেন। তা দূরের কথা, আরেক ক্ষতির মুখে পড়লেন। এখন কোমর সোজা করে দাঁড়ানো কঠিন হয়ে পড়বে।বাদল প্যাদা, মাছ চাষি, কাজীর হাওলা গ্রাম, রাঙ্গাবালী, পটুয়াখালী
একই গ্রামের আরেক মাছ চাষি বাদল প্যাদা (৪৫) বলেন, তিনি ২০ একর জমিতে মাছের ঘের করেছেন। দুই মাস আগে সেখানে প্রায় ৭ লাখ টাকার বিভিন্ন প্রজাতির পোনা ছাড়েন। মাছগুলো বেশ বড় হয়েছিল। মাসখানেক পরই সেগুলো বিক্রি করতে পারতেন। আশা ছিল, মাছ বিক্রি করে অন্তত ৪০ লাখ টাকা পাবেন। সেটা হলে আম্পানের ক্ষতি পুষিয়ে নিতে পারতেন। তা দূরের কথা, আরেক ক্ষতির মুখে পড়লেন। পর পর দুই দফা ক্ষতির কারণে এখন কোমর সোজা করে দাঁড়ানো কঠিন হয়ে পড়বে।
মাছ চাষিরা বলছেন, গত চার দিনের জোয়ারে পটুয়াখালীর ৭ হাজার ২৮০টি ঘের ও পুকুরের সাড়ে ১৭ কোটি টাকার মাছ ভেসে গেছে। এমনিতেই করোনার কারণে ঘের থেকে মাছ ধরতে পারছিলেন না চাষিরা। এর মধ্যে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে জলোচ্ছ্বাসে ঘেরের মাছ ভেসে যায়। এখন আবার বেশি উচ্চতার জোয়ারের ভেসে গেছে মাছ। ব্যাপক ক্ষতি হলেও মৎস্য চাষিরা ক্ষতিপূরণ পান না। ক্ষতিপূরণ না পেলেও ঘের রক্ষার জন্য বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান তাঁরা।
আম্পানে ক্ষতিগ্রস্ত মাছ চাষিদের মধ্য থেকে ৪৭৭ জনকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) থেকে সহায়তার উদ্যোগ নেওয়া হয়।
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, অমাবস্যা ও লঘুচাপের প্রভাবে গত ১৯ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত বেশি উচ্চতার জোয়ার দেখা দেয়। ওই সময়ে নদ-নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় পটুয়াখালীর ৭ হাজার ২৮০টি ঘের ও পুকুরের মাছ ভেসে যায়। তাদের হিসেবে, সব মিলিয়ে ৮৭৭ দশমিক ৬১ মেট্রিক টন মাছ এবং ১৯৮ দশমিক ৩৪৫ মেট্রিক টন পোনা ভেসে গেছে। এসব মাছ ও পোনার মূল্য ১৭ কোটি ৫৫ লাখ ৭৩৫ টাকা। এর আগে মে মাসে ঘূর্ণিঝড় আম্পানের সময় জলোচ্ছ্বাসে জেলার ৫ হাজার ৯৬টি পুকুর ও ঘের থেকে ২৪ কোটি ৫৭ লাখ টাকার মাছ ভেসে গিয়েছিল।
জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এ্যামদাদুল্লাহ প্রথম আলোকে বলেন, আম্পানে ক্ষতিগ্রস্ত মাছ চাষিদের মধ্য থেকে ৪৭৭ জনকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) থেকে সহায়তার উদ্যোগ নেওয়া হয়। পুনর্বাসন সহায়তা হিসেবে তাঁদের ১০০ কেজি করে মাছের খাবার ও নগদ ৩ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। আর সাম্প্রতিক জোয়ারের কারণে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের সহায়তার জন্য মৎস্য অধিদপ্তরে প্রতিবেদন পাঠানো হবে।