‘আম্মুকে বইলেন চিন্তা করে না যেন, আমি ভালো আছি।’ ইউক্রেনের অলভিয়া বন্দর জলসীমায় নোঙর করা বাংলাদেশের এমভি বাংলার সমৃদ্ধি জাহাজের নাবিক ফয়সাল আহমেদ সেতু বাংলাদেশ সময় গতকাল বুধবার বিকেল চারটার দিকে তাঁর বাবাকে এই মেসেজ লিখেছিলেন।
ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হলে গত ২৩ ফেব্রুয়ারি এমভি বাংলার সমৃদ্ধি জাহাজটি সেখানে আটকা পড়ে। ওই জাহাজেই বাংলাদেশ সময় বুধবার রাত ৯টার দিকে গোলা পড়ে বিস্ফোরণ ঘটেছে। ওই ঘটনায় জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হয়েছেন। সেখানে আরও ২৮ জন নাবিক রয়েছেন।
আমার চাওয়া ২৮ জনের সবাইকে যেন নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে সরকারের সহযোগিতা চাচ্ছি।
২৮ জন নাবিকের মধ্যে থাকা ফয়সাল আহমেদের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামে। বাবা ফারুক আহমেদ উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
মুঠোফোনে কথা হলে ফারুক আহমেদ বলেন, ‘২২ ফেব্রুয়ারি ছেলের কণ্ঠ শুনেছিলাম। এরপর যেটুকু যোগাযোগ হয়, সেটা মেসেঞ্জারে লিখে লিখে। ছেলে বুধবার বিকেল চারটার পর লেখে, “আম্মুকে বইলেন চিন্তা করে না যেন, আমি ভালো আছি।”’ তিনি বলেন, ‘আমার চাওয়া ২৮ জনের সবাইকে যেন নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে সরকারের সহযোগিতা চাচ্ছি।’
খুলনা পাবলিক কলেজ থেকে পাস করার পর চট্টগ্রামে মেরিন ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেন। এরপর চার মাস ধরে এই জাহাজে ইন্টার্নশিপ করছেন ফয়সাল। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার ছোট। ফয়সালের বাবা বলেন, ঘটনার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) কার্যালয় থেকে লোকজন যোগাযোগ করেছেন। তাঁরা আশ্বাস দিয়েছেন, ছেলেকে নিরাপদ স্থানে নিয়ে যাবেন।