আর এক ইঞ্চি জমিও দেওয়া হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পায়রা সমুদ্রবন্দর, তাপবিদ্যুৎকেন্দ্র করতে গিয়ে আমার এলাকার লোকেরা কোনো কিছু চিন্তা না করেই জমি দিয়েছে। সরকারের এসব উন্নয়ন কর্মকাণ্ডের কারণে এলাকার বাসিন্দাদের মা-বাবার কবর পর্যন্ত চলে গেছে। আর কোনো কাজের জন্য ১ ইঞ্চি জমিও দেওয়া হবে না। পটুয়াখালী-৪ আসনের সাংসদ মো. মাহবুবুর রহমান গত শুক্রবার সন্ধ্যায় কলাপাড়া প্রেসক্লাবে জাতীয় ও আঞ্চলিক পত্রিকার স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।
হতাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘বড় বড় মাফিয়া আর ভূমিদস্যুরা এখন কলাপাড়ার কৃষিজমি, লোকজনের ঘরবাড়ি, ভিটেমাটি ক্রয়ের নামে হানা দিতে শুরু করেছে। এলাকার জনস্বার্থবিরোধী এসব কাজ আমরা কোনোভাবেই হতে দিতে পারি না। কলাপাড়ার মানুষের স্বার্থ রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন জানালাম।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পায়রা সমুদ্রবন্দরের জন্য কলাপাড়া উপজেলার ছয়টি ইউনিয়নের জমি চলে যাচ্ছে। এসব ইউনিয়নের মানুষ জমিহারা, বসতিহারা হচ্ছে। বাকি ছয়টি ইউনিয়নে ওই সব ক্ষতিগ্রস্ত মানুষকে পুনর্বাসন করা সম্ভব নয়। এমনিতেই ক্ষতিগ্রস্ত মানুষের আহাজারি সামলাতে পারছি না। তার ওপর বড় বড় শিল্প গ্রুপ, সংস্থা আর কোম্পানির লোকজন জমি কেনা, কিংবা অধিগ্রহণের জন্য উঠেপড়ে লেগেছে।’