আর নির্বাচন না করার ঘোষণা সিলেটের শফি আহমদ চৌধুরীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শফি আহমদ চৌধুরী

সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনের উপনির্বাচনে জামানত হারানো সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী আর নির্বাচন করবেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘আর কখনো নির্বাচনে আসব না। তবে এলাকার মানুষের সুখে-দুঃখে, সামাজিক আচার–অনুষ্ঠানে পাশে থাকব।’

নির্বাচনের এক দিন পর গতকাল রোববার রাতে শফি আহমদ চৌধুরী এক বিবৃতিতে এসব কথা জানান। তাঁর নির্বাচন পরিচালনা কমিটির সচিব রাজু আহমদ গণমাধ্যমে বিবৃতিটি পাঠিয়েছেন। যোগাযোগ করলে রাজু আহমদ প্রথম আলোকে জানান, শফি আহমদ চৌধুরীর বিবৃতিটি নির্বাচন–পরবর্তী একটি প্রতিক্রিয়া।

শফি আহমদ চৌধুরী দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থী হয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পদ থেকে বহিষ্কৃত হন।

সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী মারা গেলে এ আসনে উপনির্বাচন হয় গত শনিবার। নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকলেও কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে থাকা এবং এই আসনে দুবারের বিজয়ী বিএনপির সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান (নৌকা) ৯০ হাজার ৬৪ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আতিকুর রহমান (লাঙ্গল) পান ২৪ হাজার ৭৫২ ভোট। আর শফি আহমদ চৌধুরী পান ৫ হাজার ১৩৫ ভোট।

বিবৃতিতে শফি আহমদ চৌধুরী তাঁর নির্বাচনী এলাকার সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবার দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হওয়াকে ‘স্থানীয় জনসাধারণের চাপ’ বলে উল্লেখ করেন শফি আহমদ চৌধুরী। তিনি বলেন, ‘স্থানীয় জনসাধারণের চাপে এবারে উপনির্বাচনে অংশগ্রহণ করি। নির্বাচনে অংশগ্রহণের পর সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে অনুপ্রাণিত করে। নির্বাচনী ক্যাম্পেইনে যেখানেই গেছি, সেখানেই হাজারো মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। কিন্তু ভোটের ফলাফলে আমি হতবাক। এবার ইভিএমে ভোট হওয়ায় অনেক কেন্দ্রে আমার ভোটাররা অভিযোগ করেন যে তাঁরা ফিঙ্গার দেওয়ার পর কে বা কারা তাঁদের ভোট কনফার্ম করে দেয়, যা সম্পূর্ণ অনৈতিক কাজ।’

বিএনপি থেকে বহিষ্কৃত হলেও নির্বাচনী এলাকার কর্মী-সমর্থকদের দোষারোপ করেন শফি আহমদ চৌধুরী। তিনি বলেন, ‘এই আসনের বিএনপির নেতা–কর্মীরা আমাকে কোনো প্রকার সহযোগিতা না করে উল্টো তাঁরা জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে কাজ করেছেন, যা বিএনপির রাজনীতির সম্পূর্ণ পরিপন্থী। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী হয়ে আমি দীর্ঘদিন এই দলের পেছনে অর্থ, শ্রম ও সময় দিয়েছি। যার সাক্ষী এ অঞ্চলের মানুষ।’

উপনির্বাচনে অংশ নেওয়া তাঁর জীবনের শেষ নির্বাচন উল্লেখ করে বিবৃতির শেষে শফি চৌধুরী বলেন, ‘আর কখনো নির্বাচনে আসব না। তবে এলাকার মানুষের সুখে-দুঃখে, সামাজিক আচার–অনুষ্ঠানে মানুষের পাশে থাকব।’