‘আর পারছি না, লেখাপড়া ছেড়ে চলে আয় বাবা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষেই কী শেষ হয়ে যাবে শিক্ষাজীবন, এমন শঙ্কায় দিন কাটছে রনির
ছবি: সংগৃহীত

দারুণ আঁকেন রনি সরকার। সাফল্যের পরিচয় দেখিয়ে যাচ্ছেন। ভর্তিও হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। কিন্তু তাঁকে টেনে ধরেছে দারিদ্র্য। রনির লেখাপড়ার খরচ আর চালিয়ে যেতে পারছেন না তাঁর দরিদ্র বাবা রুবেল সরকার। উপায় না পেয়ে ছেলেকে বলেছেন, লেখাপড়া ছেড়ে বাড়িতে চলে আসতে। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষেই কী শেষ হয়ে যাবে শিক্ষাজীবন, এমন শঙ্কায় দিন কাটছে রনির।

অর্থনৈতিক দৈন্যদশার কথা বলতে গিয়ে আজ রোববার অঝোরে কাঁদছিলেন রনি। তাঁর গ্রামের বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের পাটোয়ারি পাড়ায়। বাবা রুবেল সরকার সামান্য একজন কৃষক। নিজেদের তেমন কোনো জমিজমা নেই। যা আছে তা দিয়ে টেনেটুনে দিন যায়।

রনি পড়েছেন নীলফামারীর সরকারি উচ্চবিদ্যালয় ও নীলফামারী সরকারি কলেজে। এসএসসি ও এইচএসসি দুটিতেই পেয়েছেন জিপিএ-৫। চাচাদের সহযোগিতায় এত দিন তাঁর লেখাপড়ার খরচ চলেছে।

গত এইচএসসি পরীক্ষায় সাফল্যের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান তিনি। ভর্তি পরীক্ষায় চারুকলা অনুষদে মেধাক্রমে হন প্রথম। কিন্তু তাঁর ইচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া। চান্সও পেয়ে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে কঠিন ভর্তিযুদ্ধে ১৭তম হন রনি। ধারদেনা করে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ের হাজি মুহম্মদ মুহসীন হলে একটি সিটও পেয়েছেন। কিন্তু ঢাকায় থাকা-খাওয়া, শিল্পচর্চা এসব বেশ ব্যয়বহুল, যা রনির গরিব অভিভাবকের পক্ষে নির্বাহ করা অসম্ভব।

অর্থনৈতিক টানাপোড়েনের কথা তুলে ধরে আক্ষেপের সঙ্গে রনির বাবা রুবেল সরকার বলেন, ‘খুব অনটনে আছি। তাই ওর পড়াশোনা চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। আমি ওকে বলে দিয়েছি, তুই ফিরে আয় বাবা, আমি আর পারছি না।’

রনির শিক্ষক নীলফামারীর সরকারি কলেজের সহকারী অধ্যাপক নুরুল করিম বলেন, ছাত্র ও শিল্পী হিসেবে অনেক গুণের অধিকারী রনি সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন তিনি। পরিবারে সচ্ছলতা না থাকায় পড়াশোনা এগিয়ে নিতে পারবেন না রনি, এটা ভেবে কষ্ট হচ্ছে তাঁর।

রনির সহপাঠী নীলফামারী সরকারি কলেজের ইংরেজি বিষয়ে অনার্সের শিক্ষার্থী সাজু ইসলাম বলেন, ‘রনি অসাধারণ আঁকে। আর্থিক দৈন্যের কারণে তার লেখাপড়া মাঝপথে থেমে যাবে এটা মেনে নিতে পারছি না।’

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেও বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য দেখিয়েছেন রনি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হন তিনি। পেয়েছেন প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত ইউএনডিপির পুরস্কার। আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতাতেও সাফল্য দেখান তিনি। তাঁর ইচ্ছা, বিশ্ববিদ্যালয়ের পাঠ সম্পন্ন করে বড় মাপের শিল্পী হওয়া। কিন্তু কে ধরবে তাঁর হাল?