আর লকডাউন দেওয়া ঠিক হবে না: লালমনিরহাটে জিএম কাদের
বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক পরিস্থিতিতে আর লকডাউন দেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন লালমনিরহাট-৩ আসনের সাংসদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, এরপরও সরকার যদি আবার লকডাউনের সিদ্ধান্ত নেয়, তাহলে দেশের দুই কোটি দরিদ্র ও কর্মহীন পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দিতে হবে।
আজ বৃহস্পতিবার সকালে লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের লোহাকুচি উচ্চবিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে জিএম কাদের সাংবাদিকদের এসব কথা বলেন। তাঁর মতে, করোনার টিকা নিয়ে দেশে নানা রকম বিশৃঙ্খলা চলছে। তাই সবার আগে দেশের সব নাগরিকের স্বাস্থ্য সুরক্ষার জন্য করোনার টিকা নিশ্চিত করতে হবে।
এ সময় সেখানে লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহ জাহান আলী, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য সচিব জাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
আজ সকাল থেকে জেলার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। এর মধ্যে সদর উপজেলার মোস্তফিরহাট বালিকা উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবন সম্প্রসারণ, কালমাটি আদর্শ উচ্চবিদ্যালয়ের সম্প্রসারণ এবং খোড়াগাছ দাখিল মাদ্রাসা, গোকুণ্ডা মডেল উচ্চবিদ্যালয় ও কালমাটি দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।