নোয়াখালী হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় ট্রলারডুবির ঘটনায় আরও তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টা থেকে ৩টা পর্যন্ত নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যদের উদ্ধার অভিযানে লাশগুলো উদ্ধার করা হয়।
ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ক্যাম্প ইনচার্জ সুজিত কুমার চন্দ ও ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি রফিকুল ইসলাম বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে ১টি এবং পরে আরও ২টি লাশ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া লাশগুলোর মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তাঁর নাম লায়লা আক্তার (২৫)। তিনি ৫৩ নম্বর ক্লাস্টারের বশির আহমদের স্ত্রী। অন্য দুইজনের পরিচয় এখনো জানা যায়নি। উদ্ধার হওয়া লাশগুলো বিকেল পাঁচটা পর্যন্ত ভাসানচর থানায় এসে পৌঁছায়নি বলে জানান তিনি।
এদিকে সুজিত কুমার চন্দ প্রথম আলোকে জানান, গত শুক্রবার রাতে ডুবে যাওয়া ওই ট্রলারে নারী, শিশুসহ ৪১ জন রোহিঙ্গা ছিলেন বলে ধারণা করা হয়েছিল। তবে জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে ও পরিবারভিত্তিক তথ্য অনুযায়ী, ওই ট্রলারে মোট ৩১ জন যাত্রী ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে।
এখন পর্যন্ত ৪ জনের লাশ উদ্ধার হয়েছে। এ ছাড়া ১৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সে হিসাবে এখনো ১২ জন নিখোঁজ। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে। তবে এখনো ট্রলারটি উদ্ধার করা যায়নি বলে জানিয়েছেন সুজিত কুমার চন্দ।
প্রসঙ্গত, কাঠের তৈরি একটি মাছ ধরার ট্রলার নিয়ে ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের সীমানার কাছে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। পরে শনিবার ভোররাতের দিকে সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের সহায়তায় ১৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়। রোববার জীবিত আরও একজনের সন্ধান পাওয়া যায়।