আরও পাঁচজনের করোনা শনাক্ত, সাতকানিয়া লকডাউন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের সাতকানিয়ায় আরও পাঁচজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাঁরা চট্টগ্রামে প্রথম করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তির (৬৯) সংস্পর্শে আসা স্বজন ও এলাকার বাসিন্দা। আজ বুধবার সকালে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবদুল মজিদ ওসমানী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে এ ঘটনার পর আজ দুপুরে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে একজন ওই বৃদ্ধের ছেলে। একজন স্থানীয় গ্রাম পুলিশের সদস্য, একজন সিএনজিচালিত অটোরিকশার চালক, দুজন ব্যবসায়ী। তাঁরা ওই বৃদ্ধের চিকিৎসা থেকে শুরু করে দাফনের সময়ও কাছাকাছি ছিলেন।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সাতকানিয়ার পশ্চিম ঢেমশা ইউনিয়নের এক ব্যক্তি (৬৯) করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তাঁর নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে পাঠানো হয়। গত শনিবার রাতে তাঁর করোনাভাইরাস শনাক্ত হয়। এর আগে শুক্রবার তাঁর লাশ স্বাভাবিক প্রক্রিয়ায় পরিবহন, গোসল করানো, কাফন পরানোসহ জানাজা শেষে দাফন করা হয়েছে। শনিবার রাতে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর ওই বৃদ্ধের এলাকাসহ তাঁর সংস্পর্শে আসা আত্মীয়স্বজনসহ ৩৯৭টি পরিবারকে লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন। পরে রোববার ওই বৃদ্ধের সংস্পর্শে আসা পরিবারের সদস্য, একজন সিএনজিচালিত অটোরিকশার চালক, কাফন-দাফনের কাজে নিয়োজিত ১৬ জনের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়। গতকাল মঙ্গলবার রাতে পরীক্ষার ফলে পাঁচজনের নমুনায় করোনাভাইরাস ‘পজিটিভ’ বলে তথ্য জানানো হয়েছে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর-এ-আলম প্রথম আলোকে বলেন, গতকাল রাতে সাতকানিয়ার আরও পাঁচজনের করোনাভাইরাস শনাক্ত হয়। এ খবর পেয়ে আজ দুপুর ১২টায় তাঁর কার্যালয়ে বৈঠক ডাকা হয়। এতে সমস্ত উপজেলা লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।