আরেক মামলায় মৃধা ও কিবরিয়াকে গ্রেপ্তার দেখানোর আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলে নিয়োগে দুর্নীতির আরেকটি মামলায় কারাগারে আটক রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা ও সমাজকল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর আবেদন করা হয়েছে আদালতে।

গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমানের আদালতে এ আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে আদালত আগামী ৩ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেন।
দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, রেলে শরীরচর্চা শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া মামলায় মৃধা ও কিবরিয়াকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক হাফিজুর রহমান। একই সঙ্গে কারাগারে আটক দুই আসামিকে কারা ফটকে জিজ্ঞাসাবাদেরও আবেদন করা হয়। বিচারক ৩ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য রাখেন।
২০১২ সালের ১৩ সেপ্টেম্বর রেলওয়ে পূর্বাঞ্চলের শরীরচর্চা শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে মৃধাসহ ছয়জনের বিরুদ্ধে দুদক মামলা করে চট্টগ্রামের কোতোয়ালি থানায়।
বর্তমানে মামলাটির তদন্ত চলছে। রেলে নিয়োগে দুর্নীতির ১৪টি মামলা রয়েছে মৃধা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এর মধ্যে ছয়টি মামলায় অভিযোগপত্র দিয়েছে দুদক।