আরোহীকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে তাঁর মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে একদল ডাকাত। আহত ব্যক্তির নাম তাজুল ইসলাম (৪৮)। গতকাল মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলা সদরের পূর্ব কুট্টাপাড়া এলাকার ব্র্যাক ব্যাংকের অদূরে এ ঘটনা ঘটেছে।
আহত তাজুল ইসলাম একটি ওষুধ শিল্প প্রতিষ্ঠানের ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্যবস্থাপক পদে কর্মরত আছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে সাতটার দিকে পেশাগত কাজ শেষে সরাইল উপজেলার শাহবাজপুর বাজার থেকে মোটরসাইকেলযোগে তাজুল ইসলাম জেলা সদরে ফিরছিলেন। পূর্ব কুট্টাপাড়া এলাকায় পৌঁছালে সাত-আটজনের একদল ডাকাত তাঁর গতিরোধ করে। ডাকাত দল তাঁকে কুপিয়ে জখম করে তাঁর মোটরসাইকেল, ১৮ হাজার টাকা ও একটি মুঠোফোন সেট ছিনিয়ে নেয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। রাতে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
আজ বুধবার সকাল সাড়ে আটটায় তাজুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ডাকাত দলের কাছে দা, চাপাতি ও ছুরি ছিল। দায়ের আঘাতে তাঁর বাঁ হাতের রগ কেটে গেছে। আজ হাতে অপারেশন হবে। এ ছাড়া তাঁর পিঠে ডাকাতেরা ছুরি দিয়ে আঘাত করেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পিঠের আঘাতের স্থানে সেলাই করা হয়েছে।
এ সম্পর্কে সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপরিদর্শক (এসআই) আবদুল কাদের প্রথম আলোকে বলেন, তিনি ছিনতাইয়ের কথা শুনেছেন। তবে আহত ব্যক্তির পরিবারের কেউ থানায় এ নিয়ে অভিযোগ জানাননি।
প্রসঙ্গত, গত পাঁচ মাসে একই স্থানে আরোহীকে মারধর ও কুপিয়ে তিনটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আর ডাকাতির ঘটনা ঘটেছে অন্তত ১০টি। পুলিশ এসব ঘটনায় একাধিক ব্যক্তিকে আটকের পর ছেড়ে দিয়েছে।