আর্জেন্টিনার সেই প্রাণীদের ঘরে এল নতুন সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাটাগোনিয়ান মারা আর্জেন্টিনার প্রাণী। বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় প্রাণীগুলো উদ্ধার করেছিল বিজিবি
ফাইল ছবি

খুলনার বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে থাকা আর্জেন্টিনার প্রাণী পাটাগোনিয়ান মারার পরিবারে এক নতুন সদস্য যুক্ত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে একটি শাবকের জন্ম হয়। মা ও শাবক উভয়ই ভালো আছে। এ নিয়ে ওই কেন্দ্রে পাটাগোনিয়ান মারার সংখ্যা দাঁড়াল সাত।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা কার্যালয়ের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) নির্মল কুমার পাল প্রথম আলোকে বলেন, আজ দুপুর ১২টার দিকে একটি পাটাগোনিয়ান মারার জন্ম হয়েছে। মা শাবকটিকে আগলে রাখছে। সাধারণত আগস্ট থেকে এদের প্রজনন মৌসুম শুরু হয়। তবে এই দেশের আবহাওয়াতে প্রজননকাল হয়তো কিছুটা পরিবর্তিত হয়ে থাকতে পারে।

এই কর্মকর্তা আরও বলেন, ‘সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমরা প্রাণীগুলোকে সাফারি পার্কে পাঠাতে চেয়েছিলাম। তবে এখন যেহেতু বাচ্চা হয়েছে, কিছুটা সময় নিতে হবে। বাচ্চা একটু বড় হলেই আমরা তাদের গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠিয়ে দেব।’

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার মৎস্য বিশেষজ্ঞ মো. মফিজুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, পাটাগোনিয়ান মারা সাধারণত আগস্ট থেকে জানুয়ারির মধ্যে বাচ্চা দেয়। এদের গর্ভকাল ১০০ দিনের মতো। আর্জেন্টিনায় এদের বেশির ভাগের জন্ম হয় সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে। জন্মের ১০ থেকে ১২ সপ্তাহ পর এরা মায়ের দুধ পান বন্ধ করে। এই শাবকের ওজন ২৮৮ গ্রাম।

সাতক্ষীরার তুষখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে গত ৩ মার্চ সাতটি পাটাগোনিয়ান মারা উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বন বিভাগের ধারণা, আর্জেন্টিনার প্রাণীগুলোকে বাংলাদেশের মাটি ব্যবহার করে অবৈধভাবে ভারতে পাচার করা হচ্ছিল। উদ্ধারের পর একটি প্রাণী মারা যায়। বাকি ছয়টি প্রাণীকে বিজিবি ২২ আগস্ট বন বিভাগের কাছে হস্তান্তর করে।

গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাদ মোহাম্মদ জুলকারনাইন প্রথম প্রাণীটিকে শনাক্ত করেন। তিনি বলেন, সাধারণত এই প্রাণী সাড়ে ২৭ ইঞ্চি দীর্ঘ হয়। চোখ আর কানের তুলনায় লেজটা বেশ ছোট, মাত্র দেড় থেকে দুই ইঞ্চি। ওজন ৮ থেকে ১৬ কেজির মতো। এরা তৃণভোজী। সাধারণত হাঁটাহাঁটি করে চলাফেরা করলেও সুযোগ পেলেই খরগোশ বা ক্যাঙারুর মতো লাফালাফি করে। বছরে সাধারণত একবার বাচ্চা দেয় এরা।

বন বিভাগের এক কর্মকর্তা বলেন, প্রায় ১০ মাস আগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রাণীগুলো আনা হয়। একটি বড় চালানে এগুলোসহ আরও পাটাগোনিয়ান মারা আনা হয়। এর বেশির ভাগই পাচার হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

বাদামি রঙের প্রাণীটি দেখতে অনেকটা খরগোশের মতো। চোখ দুটো হরিণের মতো। সামনের তুলনায় পেছনের পা দুটো বেশ দীর্ঘ। লাফিয়ে চলার সময় তাই দেখতে কিছুটা ক্যাঙারুর মতো লাগে।