ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের লকডাউন কারণে ক্ষতিগ্রস্ত আমচাষিরা আর্থিক সহায়তা পাওয়ার দাবিতে মানববন্ধন করেছে। বুধবার দুপুর ১২টার দিকে তাঁরা পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করেন।
উপজেলা আমবাগান সমিতির পক্ষ থেকে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আখতারুল ইসলাম, পীরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক, উপজেলা আমবাগান চাষি সমিতির সভাপতি আবু জাহিদ জুয়েল, আমবাগানের চাষি জয়নাল আবেদীন, কেরামত আলী, রহমত আলী প্রমুখ।
মানববন্ধন চলাকালে দুপুর সাড়ে ১২টার দিকে আর্থিক সহায়তা পাওয়ার দাবিতে আমচাষিরা পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিমের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেছেন।
মানববন্ধন চলাকালে আমচাষিরা বলেন, এবার পীরগঞ্জ উপজেলায় ২৫-৩০ হাজার বিঘা জমিতে আম্রপালি, হিমসাগর, হাঁড়িভাঙাসহ বিভিন্ন জাতের আমের চাষ করা হয়েছে। আমের ফলন খুব ভালো। আমের ফলন ভালো হওয়ায় এবার লাভের মুখ দেখার স্বপ্ন দেখছিলেন চাষিরা। কিন্তু সঠিক সময়ে এলাকার চাষিরা তাঁদের বাগানের আম ব্যবসায়ীদের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় পাঠাতে পারছেন না। চাষিরা আমের ব্যবসা নিয়ে নতুন স্বপ্নে দেখছিলেন। কিন্তু করোনারভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিধিনেষেধ আরোপ করায় দেশের বিভিন্ন এলাকার পাইকারি ব্যবসায়ীরা পীরগঞ্জে আসতে পারেননি। এ কারণে আমও বিক্রি হয়নি। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন এলাকার হাজারো চাষি।
তিনজন আমচাষি আক্ষেপ করে বলেন, পীরগঞ্জ এলাকার আম ঢাকা, বরিশাল, নোয়াখালী, খুলনা, চট্টগ্রাম ও সিলেটে পাঠানো হয়। ওই সব এলাকা থেকে আমের আড়তদার ও ব্যবসায়ীরা পীরগঞ্জ উপজেলায় এসে আমবাগান থেকে আম কিনে নিয়ে যান। কিন্তু এবার লকডাউনের কারণে ওই সব এলাকার ব্যবসায়ীরা আসতে পারেননি।
আমচাষি আবু জাহিদ বলেন, ‘বিক্রয় ব্যবস্থায় অচলাবস্থা দেখা দেওয়ার কারণে গত মৌসুমে আমি ১২-১৩ লাখ টাকা লোকসান হয়েছিল। একই কারণে এবারও আমার লোকসান হচ্ছে। আমার মতো হাজারও চাষি লোকসানের মুখে পড়ছেন।’
ইউএনও রেজাউল করিম বলেন, ‘আমবাগানের পেছনে চাষিদের লাখ লাখ টাকা খাটানো হয়েছে। সময়মতো সঠিক সময়ে আমের বাজারজাত করা না গেলে চাষিরা আর্থিকভাবে লোকসানের সম্মুখীন হবেন। আমি বিষয়টি ওপরের মহলে আলাপ করে একটা ব্যবস্থা নেব।’