আলমডাঙ্গায় ইউএনওর মুঠোফোন নম্বর ক্লোন করে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলার ভাইস চেয়ারম্যানের কাছে উপজেলা নির্বাহী কর্মকর্তার ফোন। মুঠোফোন থেকে ফোন করে ইউএনও দাবি করলেন ২০ হাজার টাকা। কণ্ঠ শুনে সন্দেহ হওয়ায় ভাইস চেয়ারম্যান ইউএনওর অন্য নম্বরে ফোন করলে বিষয়টি পরিষ্কার হয়ে যায়—ইউএনওর নম্বর ক্লোন করে এ ঘটনা ঘটিয়েছে কোনো দুর্বৃত্ত। এ ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায়।

আলমডাঙ্গা উপজেলার ভাইস চেয়ারম্যান কাজী অরুণ প্রথম আলোকে বলেন, রোববার সন্ধ্যায় ইউএনওর ব্যক্তিগত মুঠোফোন নম্বর থেকে তাঁর মুঠোফোন নম্বরে ফোন করে এবং জরুরি প্রয়োজনে ২০ হাজার টাকা দাবি করা হয়। ওই ২০ হাজার টাকা পাঠানোর জন্য একটি বিকাশ নম্বরও দেওয়া হয়। টাকা পাঠানোর জন্য ৬টা ১৪ মিনিট থেকে ৬টা ২৭ মিনিট পর্যন্ত অপর প্রান্ত থেকে ১৩ মিনিটে অন্তত চারবার ফোন করা হয়। তবে ফোনের অপর প্রান্তের ব্যক্তির কণ্ঠস্বর অন্য রকম হওয়ায় এবং টাকা চেয়ে বারবার ফোন করায় তাঁর মনে সন্দেহ হয়। কাজী অরুণ বলেন, ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয়, ঠান্ডার কারণে কণ্ঠস্বর এমন হয়ে গেছে। ভাইস চেয়ারম্যান বলেন, ‘ব্যাপারটি সন্দেহজনক হওয়ায় ওই সময় ইউএনওর অন্য নম্বরে ফোন করে টাকা চাওয়ার বিষয়টি জানতে চাই। ইউএনও জানান, তিনি কোনো ফোন করেননি এবং টাকাও দাবি করেননি।’
ইউএনও আজাদ জাহান তাঁর মুঠোফোন নম্বর ক্লোন করে টাকা দাবির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাটি খুবই বিব্রতকর। ভাইস চেয়ারম্যান তাৎক্ষণিক যাচাই করে ভালো করেছেন। কোনো সাধারণ মানুষের নম্বর এভাবে ক্লোন করে কোথাও টাকা দাবির ঘটনা ঘটলে ওই ঘটনায় তারা হয়রানির শিকার হতো।’
আলমডাঙ্গা থানার কর্তব্যরত কর্মকর্তা (ডিউটি অফিসার) উপপরিদর্শক (এসআই) মো. রোকনুজ্জামান বলেন, থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী রাসেল ইউএনওর সাধারণ ডায়েরির বিষয়টি তদন্ত করছেন।