আলমডাঙ্গায় নিখোঁজ শিশুর লাশ মিলল পুকুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুকুর থেকে সাত বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার জেহালা ইউনিয়নের মাদারহুদা গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল সকালে থেকে ওই শিশু নিখোঁজ ছিল।

ওই শিশুর নাম সুমাইয়া খাতুন। সে মাদারহুদা গ্রামের খাইরুল ইসলামের মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। আজ শুক্রবার সকালে নিহত শিশুর লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত শিশুটির বাবা খাইরুল ইসলাম জানান, গতকাল সকালে সুমাইয়াকে প্রতিবেশী মনিরুল ইসলামের মেয়ে রিয়া খাতুন খেলার জন্য ডেকে নিয়ে যায়। এরপর দুপুর পার হয়ে গেলেও সুমাইয়া বাড়িতে না ফেরায় তার স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। ওই দিন রাতে বাড়ির পাশের একটি পুকুরে স্থানীয় লোকজন সুমাইয়ার লাশ ভেসে থাকতে দেখেন। লাশ উদ্ধারের দেখা যায় সুমাইয়ার কানে থাকা স্বর্ণের দুল জোড়া নেই। ধারণা করা হচ্ছে, কেউ স্বর্ণের দুলের লোভে সুমাইয়াকে খুন করতে পারে।

এদিকে প্রতিবেশী রিয়া খাতুন পুলিশকে জানিয়েছে, সুমাইয়াসহ তারা কয়েকজন পুতুল নিয়ে খেলছিল। দুপুরের দিকে সে বাড়িতে চলে আসে। তবে তখনো বাকি শিশুরা খেলছিল। সুমাইয়ার মৃত্যু বিষয়ে সে কিছুই জানে না।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, পুকুরে লাশের খবর পেয়ে প্রথমে ধারণা করা হয়েছিল, শিশুটি ডুবে মারা গেছে। প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, ওই শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ সময় ওই শিশুর দুই কান থেকে স্বর্ণের দুল খুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের একাধিক কর্মকর্তা গতকাল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।