বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আলাউদ্দিন সরকার গতকাল মঙ্গলবার ভোরে মারা গেছেন। কিন্তু ইন্টার্ন চিকিৎসকদের হামলার ভয়ে তাঁর লাশ আনতে হাসপাতালে যেতে পারেননি সন্তানেরা।
সিরাজগঞ্জ সদরের কোনাগাতী গ্রামের আলাউদ্দিনের (৬৫) মেয়ে বীণা বেগম প্রথম আলোকে বলেন, ‘বাবাকে বাঁচানোর জন্য সিরাজগঞ্জ থেকে বগুড়ার হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে চিকিৎসকদের অবহেলায় বাবাকে বাঁচাতে পারিনি। উল্টো ভাইবোন চিকিৎসকদের হাতে মার খেয়েছি। পদে পদে লাঞ্ছিত হয়েছি। বাবাকে বাঁচানোর জন্য হাসপাতালে গিয়ে বিনা অপরাধে ইন্টার্ন চিকিৎসকেরা আমার ভাইকে মারধর করে পুলিশে দিল। গত সোমবার থানা থেকে ভাইকে ছাড়িয়ে সিরাজগঞ্জ এসেছি। কিন্তু ইন্টার্ন চিকিৎসকদের হামলার ভয়ে হাসপাতালে যেতে পারিনি। গতকাল ভোরে বাবা মারা গেছেন। ভয়ে তাঁর লাশ আনতেও যেতে পারিনি। অন্য এক স্বজন লাশ নিয়ে এসেছেন।’
মস্তিষ্কে রক্তক্ষরণ হলে মুমূর্ষু আলাউদ্দিন সরকারকে গত শনিবার রাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করা নিয়ে একজন ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে তাঁর ছেলে রউফ সরকারের বাগ্বিতণ্ডা হয়। এর জেরে রউফকে একটি কক্ষে আটকে রেখে ইন্টার্ন চিকিৎসকেরা মারধর করেন। একপর্যায়ে হাসপাতাল প্রশাসনের সামনেই তাঁকে কান ধরে ওঠবস করানো হয়। এ ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর কাছে নালিশ করতে চাইলে রউফের ওপর আরেক দফা হামলা হয়। তখন তাঁর বোন বীণা বেগমসহ দুই নারীও আক্রান্ত হন।
বীণা বেগম বলেন, ‘রোববারের ওই ঘটনার পর সেখানে বাবাকে রাখা নিরাপদ মনে করিনি। আমরা বাবাকে ঢাকায় নিতে চেয়েছি। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দেয়নি। বাবাকেও বাঁচাতে পারেনি। এ কষ্ট আমরা রাখব কোথায়?’
রোববারের ঘটনায় হাসপাতাল প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান ও হাসপাতালের উপপরিচালক নির্মলেন্দু চৌধুরী বলেন, ‘আলাউদ্দিন সরকারকে বাঁচানোর সব ধরনের চেষ্টা করা হয়। তাঁর চিকিৎসায় মেডিসিন বিভাগের প্রধান জাকিউর রহমানের নেতৃত্বে বোর্ড গঠন করা হয়। বোর্ডের সুপারিশ ছিল ঢাকায় নেওয়ার মতো অবস্থা ওই রোগীর নেই। এ জন্য হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রেখে বোর্ডের তত্ত্বাবধানে তাঁকে চিকিৎসা দেওয়া হয়।’
এদিকে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশের পরও হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি; বরং আলাউদ্দিনের ছেলেমেয়েকে মারধর ও কান ধরে ওঠবস করানোর পর নিজেদের নিরাপত্তার দাবিতে হাসপাতালের ফটকে তালা ঝুলিয়ে দিয়ে কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা।