অবশেষে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া সেই আলাউদ্দিনকে বাদ দেওয়া হয়েছে। রোববার দুপুরে তাঁর পরিবর্তে দলীয় মনোনয়নপত্র তুলে দেওয়া হয়েছে উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম হককে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হায়দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত শুক্রবার গণভবনে মনোনয়ন বোর্ডের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অষ্টম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৪০ ইউপিতে নৌকা প্রতীকের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। এতে চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদে আলাউদ্দিনের নাম চূড়ান্ত করা হয়। দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতেও তাঁর নাম প্রকাশ করা হয়। তবে নাম প্রকাশের পর আলাউদ্দিন নিজেই ফেসবুকে পোস্টে লেখেন, ‘কেউ বিভ্রান্তি হওয়ার কিছু নেই। প্রিন্টিংয়ে ভুল হয়েছে, নৌকার মাঝি প্রিয় ভাই সেলিম হক।’ আলাউদ্দিন প্রথম আলোকে বলেছিলেন, ‘আমি দল থেকে ফরমও সংগ্রহ করিনি, জমাও দিইনি।’
শুধু তা–ই নয়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলীও তাঁর ফেসবুকে পোস্ট দিয়ে লেখেন, ‘বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই, টাইপিং মিসটেক, মুহাম্মদ সেলিম হক নৌকার মাঝি।’ বিষয়টি নিয়ে প্রথম আলোর অনলাইন ও ছাপা কাগজে খবর প্রকাশিত হলে তোলপাড় সৃষ্টি হয়। চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে এমন টানাপোড়েনে এলাকায়ও বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এর মধ্যে আজ দুপুরে কেন্দ্র থেকে চূড়ান্ত মনোনয়নপত্র হাতে পান সেলিম হক। মনোনয়ন পাওয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম হক বলেন, ‘নৌকার মনোনয়ন পেয়েছি। আমি সে মূল্যায়নের সম্মান রাখতে আজীবন চেষ্টা করব।’
ইউপি নির্বাচনের তফসিল অনুযায়ী, ১৬ মে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বাছাই ১৯ মে। মনোনয়নপত্র প্রত্যাহার ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে। আগামী ১৫ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।