আলাদা পরিচয়ে দুটি মামলা করা রোহিঙ্গা নারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

রোহিঙ্গা নারী ছেনুয়ারা বেগম (২৫) কক্সবাজারের দুই আদালতে মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশি যুবক মো. রায়হানের (৩৫)  বিরুদ্ধে পৃথক মামলা করেছিলেন। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মুহাম্মদ ফারুকী এক আদেশে ওই নারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

পাশাপাশি মিথ্যা মামলার তদন্ত না করে বাদীর পক্ষে প্রতিবেদন দেওয়ায় তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই কক্সবাজার কার্যালয়ের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু তাহেরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নির্দেশনা দিয়েছেন আদালত।

এ ছাড়া জামিনে থাকা আসামি কুতুবদিয়ার বাসিন্দা মো. রায়হানকে মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। রাতে এ রায়ের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান এলাহি নূরী।

ছেনুয়ারা বেগম টেকনাফের নয়াপড়ার মুচনি রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এইচের বাসিন্দা শফি উল্লাহর মেয়ে। একটি এনজিওতে কাজ করতে গিয়ে তাঁর সঙ্গে মো. রায়হানের পরিচয় হয়।

আদালত সূত্র জানায়, ২০১৯ সালে স্বামী পরিচয় দিয়ে মো.রায়হানের বিরুদ্ধে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যৌতুকের মামলা করেন ছেনুয়ারা বেগম। মামলাটি তদন্ত করে সত্যতা না পাওয়ায় আদালত সেটি খারিজ করে দেন। এরপর ২০২০ সালে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের পশ্চিমপাড়ার ছব্বির আহমদের মেয়ে লতিফা বেগম (২৭) পরিচয়ে রায়হানের বিরুদ্ধে প্রতারণামূলকভাবে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগে টেকনাফ আমলি আদালতে আরেকটি মামলা করেন ওই রোহিঙ্গা নারী। ওই মামলায় আগের মামলার তথ্য গোপন করার পাশাপাশি নিজের পরিচয় সম্পর্কে মিথ্যা তথ্য দেন তিনি। এরপর ২০২০ সালের মামলার তদন্ত কর্মকর্তা এএসআই আবু তাহের বাদীর প্রকৃত পরিচয় গোপন করে আদালতে তাঁর পক্ষে অভিযোগপত্র দেন।

আসামিপক্ষের আইনজীবী খালেক নেওয়াজ বলেন, একজন রোহিঙ্গা নারী মিথ্যা তথ্য দিয়ে রায়হানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছিলেন। প্রথম মামলা খারিজ হয়ে গেলেও দ্বিতীয় মামলায় আসামি রায়হান মাস দেড়েক কারাভোগ করে জামিন নেন। দ্বিতীয় মামলার তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে বাদীর আসল পরিচয় দেননি। আজ মামলাটির চার্জ গঠনের দিন বিষয়টি আদালতের নজরে আনা হয়। কাগজপত্র পর্যালোচনা করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামলার বাদী ও তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছেন।