আ.লীগ ও জাপা সমর্থকদের সংঘর্ষ, ভোট গ্রহণ বন্ধ এক ঘণ্টা
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের (ইউপি) বালাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুই পক্ষের সংঘর্ষের কারণে প্রায় এক ঘণ্টা ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ ছিল।
সদর ও শান্তিগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদে আজ রোববার সকাল থেকে ভোট গ্রহণ চলছে। সুরমা ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মো. আবদুস ছাত্তার ও জাতীয় পার্টির প্রার্থী সিরাজ মিয়া।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল ১০টার দিকে বালাকান্দা বিদ্যালয় কেন্দ্রের বাইরে দাঁড়ানো নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ভোটারদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। লোকজন ভয়ে দৌড়াদৌড়ি শুরু করেন। এ সময় এক ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। পরে র্যাব, পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘণ্টাখানেক পর আবার ভোট গ্রহণ শুরু হয়।
আওয়ামী লীগ প্রার্থী মো. আবদুস ছাত্তার বলেন, ইউপি সদস্য প্রার্থী মানিক মিয়া ও গোলাম হোসেনের সমর্থকদের মধ্যে ঝামেলা হয়েছে। পরে জাতীয় পার্টির প্রার্থী সিরাজ মিয়ার লোকজন তাঁর কর্মীদের মারধর করেছে।
জাপার প্রার্থী সিরাজ মিয়া বলেন, আওয়ামী লীগ প্রার্থী আবদুস ছাত্তারের ছেলে জয়নাল ও হেলালের নেতৃত্বে কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এক ঘণ্টা ভোট গ্রহণ হয়নি। ভোটাররা কেন্দ্র ছেড়ে চলে যান।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।