আ.লীগ ও বিদ্রোহী প্রার্থীসহ ৩০০ জনের নামে দর্শনা থানায় পাল্টাপাল্টি অভিযোগে
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে সংঘর্ষের পর পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন আওয়ামী লীগ ও দলের বিদ্রোহী প্রার্থী। গতকাল শনিবার বিকেলে দর্শনা থানায় জমা দেওয়া পাল্টাপাল্টি অভিযোগে দুই প্রার্থীসহ অন্তত ৩০০ জনের নাম রয়েছে।
অভিযোগ দুটি দিয়েছেন আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী শুকুর আলী ও আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান। গত শুক্রবার রাত ৮টা থেকে ১০টার মধ্যে এই দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি হামলায় আহত হন দুই পক্ষের ৯ জন। এ ছাড়া সংঘর্ষে মোটরসাইকেল, মাইক্রোবাস এবং নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগামী ৭ ফেব্রুয়ারি এই ইউপিতে নির্বাচন হবে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) লুৎফুল কবীর জানান, শুকুর আলী ও মিজানুর রহমানের লিখিত অভিযোগ পাওয়া গেছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
দর্শনা থানা সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শুকুর আলীর দায়ের করা অভিযোগে বিদ্রোহী প্রার্থী ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ ১৬ জন ছাড়াও ১৫০ জনকে অভিযুক্ত করা হয়েছে। অন্যদিকে মিজানুর রহমানের অভিযোগে শুকুর আলীসহ ২২ জনের নাম উল্লেখসহ ১৫০ জনকে অভিযুক্ত করা হয়।
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার প্রথম আলোকে বলেন, হামলার ঘটনাটি অপ্রত্যাশিত। প্রতিদ্বন্দ্বী সব প্রার্থী এবং তাঁদের কর্মী-সমর্থকেরা যাতে উৎসবমুখরভাবে প্রচারণা চালাতে পারেন, সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। সবার শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয়ে এলাকার মুরুব্বিদের নিয়ে শিগগরিই বসবেন তাঁরা।
সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিভিন্ন বয়সী অন্তত ৩০ জন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতীক বরাদ্দের পর এলাকায় বেশ উৎসবমুখর পরিবেশে ভোটের প্রচার–প্রচারণা চলছিল। কিন্তু শুক্রবারের ঘটনা সাধারণ ভোটারদের নতুন করে ভাবিয়ে তুলেছে। প্রতিপক্ষের হামলার শিকার হতে পারেন, এমন আশঙ্কার পাশাপাশি হয়রানিমূলক গ্রেপ্তারের আশঙ্কা করছেন অনেকেই।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ তিতুদহ ইউনিটের কমান্ডার মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এলাকায় নির্বাচনী আমেজ নেই, বন্ধ হয়ে গেছে প্রচার-প্রচারণা। পুরো পরিবেশ এখন থমথমে। ভোটের আগে পরিবেশ আর স্বাভাবিক হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। এ জন্য রাজনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ প্রয়োজন।