আ.লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ–গুলি, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম জেলার মানচিত্র

চট্টগ্রামের সাতকানিয়ায় খাগরিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণার সময় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনায় অন্তত ২০ জন আহত হন। তাঁদের মধ্যে আটজন ছররা গুলিবিদ্ধ হয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় খাগরিয়ার ভোরবাজারের গণিপাড়ায় এ ঘটনা ঘটে। স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. জসিম উদ্দিনের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের প্রার্থী আকতার হোসেনের সমর্থকদের এই সংঘর্ষ হয়।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিন তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী আকতার হোসেনের বাড়ির পাশে গণিপাড়ায় গণসংযোগে যান। এ সময় জসিমের কর্মী-সমর্থকেরা আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে স্লোগান দেন। এতে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়। এতে লাঠিসোঁটা, ইটপাটকেল নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনায় উভয় পক্ষের ২০ জন আহত হন। তাঁদের মধ্যে ১২ জনকে চন্দনাইশের দোহাজারী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ব্যক্তিদের মধ্যে ১৮ জনের নাম জানা যায়। তাঁরা হলেন মো. শাহ আলম (৫৫), আহমদ হোসেন (৫০), মো. মারুফ (১০), মো. মুহিবুল (৩৫), ইসলাম খাতুন (৬০), মো. রফিক (৫২), মো. ফারুক (৬১), মুন্সি মিয়া (৫৫), আবদুল সালাম (৩৪), আবছার উদ্দিন (৪৫), মো. সায়েদ (২৫), আবু সুফিয়ান (২১), মনির আহমদ (৬২), জাফর আহমদ (৫৫), মহসিন (৩৬), রাশেদুল ইসলাম (২৩), মো. হাসান (২৩), নুরুল আলম (২২)।

দোহাজারী ৩১ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালের চিকিৎসক মো. ইসহাক বলেন, আহত ১২ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে আটজন ছররা গুলিবিদ্ধ ছিলেন। সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, খাগরিয়া ভোরবাজার এলাকায় গণসংযোগে গেলে আওয়ামী লীগ প্রার্থীর নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী তাঁর ও তাঁর কর্মী-সমর্থকদের ওপর গুলিবর্ষণ শুরু করেন। এতে তাঁর কয়েকজন কর্মী-সমর্থক গুলিবিদ্ধ হন।

জানতে চাইলে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আকতার হোসেন প্রথম আলোকে বলেন, আচরণবিধি লঙ্ঘন করে এলডিপি নেতা জসিম উদ্দিন সকালে গণসংযোগে বের হন। তিনি বাড়ির পাশে এসে নৌকা ও নৌকার প্রার্থীর বিরুদ্ধে গালিগালাজ করেন। একপর্যায়ে জসিমের কর্মী–সমর্থকেরা তাঁর বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও গুলিবর্ষণ করেন। এতে এক নারীসহ তিনজন আহত হন।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান প্রথম আলোকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা ঘটনাস্থলে উপস্থিত হন। নির্বাচনী প্রচার-প্রচারণা নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপসহ গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ছররা গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।