আ.লীগ ক্ষমতায় না থাকলে দেশ পিছিয়ে যাবে: স্থানীয় সরকারমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের তিনতলাবিশিষ্ট আধুনিক নতুন ভবনের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম
ছবি: প্রথম আলো

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে আবার ক্ষমতায় রাখতে না পারলে দেশ পিছিয়ে পড়বে। দেশের উন্নয়নের স্বার্থেই শেখ হাসিনাকে আগামী নির্বাচনে আবার নির্বাচিত করা দরকার।

নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের তিনতলাবিশিষ্ট আধুনিক নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। তাঁর মতে, শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে। মেট্রোরেল, পদ্মা সেতু নির্মাণ, হজরত শাহজালাল বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনালসহ দেশে বিভিন্ন উন্নয়নকাজ আওয়ামী লীগ সরকারের কারণেই সম্ভব হয়েছে।

আওয়ামী লীগের নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তাজুল ইসলাম বলেন, ‘দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে। দৈব কোনো দুর্ঘটনা বা অন্য কোনো কারণে ২০০১ সালের মতো আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসতে না পারে, তবে আমরা অনেক পিছিয়ে যাব। দেশে অনেক পিছিয়ে যাবে।’

বিএনপির প্রতি ইঙ্গিত করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, কেউ কেউ বলে, বাংলাদেশ নাকি ধ্বংস হয়ে গেছে, উন্নয়ন হয়নি। আসলে তাদের চোখে দেশের কোনো উন্নয়ন ধরা পড়ে না। অথচ তাদের আমলে বাংলাদেশ সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে বিশ্বে পরিচিতি পেয়েছিল। তাদের আমলেই জঙ্গিনেতা বাংলা ভাইয়ের সৃষ্টি হয়েছে। দেশের ৬৩ জেলায় একযোগে জেএমবির বোমা বিস্ফোরণসহ সন্ত্রাসী তৎপরতা তাদের আমলেই সংঘটিত হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে জঙ্গি, সন্ত্রাসীদের দমন করে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছে।

৮ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের তিনতলা ভবনটি নির্মাণ করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। এই ভবনে আরও দোতলা করার জন্য দুই কোটি টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন মন্ত্রী। মেয়র সেলিনা হায়াৎ আইভীর উন্নয়নকাজের প্রশংসা করে তিনি বলেন, সিটি করপোরেশন লেক, ওয়াকওয়ে, রাস্তাঘাট নির্মাণ করেছে, তা খুবই প্রশংসনীয়। আগামী দিনে আইভী যেন এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারেন, সে জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রতি বিশেষ নজর থাকবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মেয়র আইভী বলেন, তিনি নারায়ণগঞ্জকে পজিটিভ নারায়ণগঞ্জ হিসেবে বাংলাদেশের সামনে তুলে ধরতে চান। যানজটমুক্ত শহর উপহার দিতে চান। এ জন্য চাষাঢ়া থেকে ২ নম্বর রেলগেট পর্যন্ত রেলওয়ের পাশ দিয়ে বিকল্প রাস্তা নির্মাণের প্রয়োজনের কথা তুলে ধরেন তিনি। শীতলক্ষ্যা নদীতে কদমরসুল সেতু দ্রুত নির্মাণ এবং শীতলক্ষ্যা নদীকে দূষণমুক্ত করার পরিকল্পনা তুলে ধরেন। নদীর দুই পাড়ে হাঁটার রাস্তা নির্মাণের জন্য পরিকল্পনাও জানান আইভী। এসবের জন্য স্থানীয় সরকার মন্ত্রীর কাছে সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ নজরুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার জায়েদুল আলম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিনসহ অনেকে। এর আগে বেলা ১১টায় নগর ভবনে সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভা করেন মন্ত্রী তাজুল ইসলাম।