ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়ার জন্য চেয়ারম্যান প্রার্থীদের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। ওই তালিকায় আনোয়ার হোসেন নামের যুবদলের এক নেতার নাম রয়েছে। গত বৃহস্পতিবার আনোয়ারসহ তিনজনের নাম আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়।
আওয়ামী লীগের একটি সূত্রে জানা গেছে, বীরগাঁও ইউপির নির্বাচনে মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রে পাঠানো তিন চেয়ারম্যান প্রার্থী হলেন বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক এস এম আলমগীর ও আনোয়ার হোসেন।
সৌদি আরবের (প.) কেন্দ্রীয় যুবদলের আহ্বায়ক আবদুল মান্নান ও যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ স্বাক্ষরিত মদিনা মনোয়ারা প্রাদেশিকের ৭১ সদস্যের কমিটি সূত্রে জানা গেছে, ওই কমিটিতে ৯ নম্বর সদস্য হিসেবে আনোয়ার হোসেনের নাম রয়েছে।
জেলা যুবদলের সহকারী ক্রীড়া সম্পাদক রাকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আনোয়ারের পুরো পরিবার বিএনপির সমর্থক। আনোয়ার সৌদি আরবের মদিনার প্রাদেশিক যুবদলের কমিটির সদস্য বলেই আমরা জানি। হঠাৎ করেই দেশে এসে আনোয়ার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন।’
নাম প্রকাশে অনিচ্ছুক বীরগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের এক নেতা প্রথম আলোকে বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হোসেন সরকার আর্থিক সুবিধা নিয়ে আনোয়ারের নাম ১ নম্বরে রেখে তাঁকে মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রে তালিকা পাঠিয়েছেন।
বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ধন মিয়া ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন বলেন, ‘২০ বছর ধরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের দায়িত্বে আছি। সজ্ঞানে বলতে পারি আনোয়ার হোসেন বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ বা কোনো অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না। জাতীয় নির্বাচনসহ কোনো নির্বাচনেই নৌকার পক্ষে তাঁর কোনো ভূমিকা ছিল না। তিনি দীর্ঘ ১৭ বছর ধরে সৌদি আরবে ব্যবসা ও দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।’
যুবদলের কমিটিতে থাকার অভিযোগের বিষয়ে আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘সব অভিযোগ মিথ্যা। আমি সৌদি আরবের জেদ্দায় থাকি। তাঁরা মদিনার কাগজ নিয়ে মাতামাতি করছে। যাঁরা অভিযোগ করছেন, তাঁরা আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। তাঁদের অভিযোগ সত্য না–ও হতে পারে। এই আসনের আওয়ামী লীগের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম আমাকে চেনেন।’
উপজেলা যুবলীগের কমিটির এক নেতা বলেন, ২০১৭ সালের নভেম্বরে কমিটি ঘোষণা করার সময়ে কোনো পদে আনোয়ার ছিলেন না। তবে মাস দুয়েক আগে তাঁকে উপজেলা যুবলীগের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক জহির রায়হান প্রথম আলোকে বলেন, ‘গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছি। এবারও দলীয় মনোনয়ন কিনেছিলাম। কেন্দ্রে আমার নাম পাঠানো হলে আমিই মনোনয়ন পেতাম। এ জন্য আওয়ামী লীগের তালিকা থেকে আমার নাম বাদ দিয়ে আনোয়ারের নাম যুক্ত করা হয়েছে।’ তিনি আরও বলেন, ইউনিয়ন আওয়ামী লীগ আনোয়ারের বিষয়ে যুবলীগের পদসহ যে তালিকার কথা বলছে, সেটি একটি ভুয়া তালিকা।
উপজেলার বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হোসেন সরকার প্রথম আলোকে বলেন, আনোয়ার সৌদি আরবের জেদ্দায় থাকেন। এলাকার তাঁর জনপ্রিয়তা রয়েছে। আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছে আনোয়ার।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রথম আলোকে বলেন, তৃণমূল থেকে তিনজনের নাম পাঠানো হয়েছে। তৃণমূলের পাঠানো নামের মূল্যায়ন প্রতিবেদন কেন্দ্রে জমা দেওয়া হয়েছে। মূল্যায়ন প্রতিবেদনের প্রত্যেকের নামের পাশে মন্তব্য কলামে প্রকৃত সত্য তুলে ধরা হয়েছে।