আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে বিএনপি কর্মীর মামলার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা–কর্মীদের সঙ্গে সংঘর্ষে শহরের বিভিন্ন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। গত বৃহস্পতিবার দুপুরে
ছবি: প্রথম আলো

সিরাজগঞ্জে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের ১৭৩ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন এক বিএনপি কর্মী। আজ রোববার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে করা মামলার আবেদনে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলা ও মারপিটের অভিযোগ আনা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন বাদী নাসির উদ্দিনের আইনজীবী নাজমুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বিল্লাল হোসাইন মামলার আবেদনের শুনানি শেষে আদেশের জন্য রেখেছেন। মামলার আবেদনে ১১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

মামলার আবেদনে সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা, জেলা যুবলীগ সভাপতি রাশেদ ইউসুফ, সাধারণ সম্পাদক একরামুল হক, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক আবদুল্লাহ বিন আহম্মেদসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।

গত বৃহস্পতিবার দুপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা বিএনপি আয়োজিত জনসভায় মিছিল নিয়ে আসার সময় বিএনপির সঙ্গে যুবলীগ-ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৭০ নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিনটি মামলা করা হয়েছে।

অপর দিকে আওয়ামী লীগের পক্ষ থেকে এর আগে একটি, শনিবার রাতে দুটি মামলাসহ মোট তিনটি মামলা করা হয়েছে। এসব মামলায় বিএনপির একাধিক শীর্ষ নেতাসহ জ্ঞাত-অজ্ঞাতনামা প্রায় ১ হাজার ২০০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন

শনিবার রাতে এসব মামলায় জেলা বিএনপির দুই নেতাসহ চার আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান, বিএনপি কর্মী রেজাউল করিম ও ইমন বাশার।

আরও পড়ুন