আ.লীগ নেতা ফারুক হত্যা মামলায় জামিনে মুক্ত সাবেক সাংসদ রানার ভাই সহিদুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলার আাসামী টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান
ছবি: সংগৃহীত

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় অন্তর্বর্তী জামিন পাওয়ার পর আজ বৃহস্পতিবার বিকেলে কারাগার থেকে ছাড়া পেয়েছেন সাবেক পৌর মেয়র সহিদুর রহমান খান। এর আগে দুপুরে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাসুদ পারভেজ তাঁর জামিন মঞ্জুর করেন।

সহিদুর এই মামলার প্রধান আসামি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সাংসদ আমানুর রহমান খান রানার ভাই ও ওই আসনের আওয়ামী লীগের বর্তমান সাংসদ আতাউর রহমান খানের ছেলে। ছয় বছর এই মামলায় আত্মগোপনে থাকার পর ২০২০ সালের ২ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করেন তিনি। তার পর থেকে তিনি কারাগারে ছিলেন।

টাঙ্গাইলের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মনিরুল ইসলাম খান বলেন, আজ এই মামলার এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণকারী টাঙ্গাইলের সে সময়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিউলী রানী দাসের সাক্ষ্যের দিন ধার্য ছিল। কিন্তু তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। পরে কারাগারে থাকা আসামি সহিদুরের আইনজীবীরা তাঁর জামিন আবেদন করেন।

জামিন আবেদনে বলা হয়, সহিদুর কারাগারে খুব অসুস্থ হয়ে পড়েছেন। এর আগেও কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। তাঁর সুচিকিৎসার জন্য জামিন দরকার। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়েছিল। উভয় পক্ষের শুনানি শেষে বেলা দুইটায় ২৮ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ পর্যন্ত সহিদুরের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন আদালত।

এরপর সহিদুর বিকেল চারটার দিকে টাঙ্গাইল কারাগার থেকে বের হন। অ্যাম্বুলেন্সে করে তিনি শহরের কলেজপাড়া এলাকার বাসায় গিয়ে মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। পারিবারিক সূত্র জানিয়েছে, এখন তিনি বাসাতেই আছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁর ঢাকা যাওয়ার কথা রয়েছে।

টাঙ্গাইল কলেজপাড়ায় নিজ বাসা থেকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার তিন দিন পর তাঁর স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ২০১৪ সালের আগস্টে আনিসুল ইসলাম ও মোহাম্মদ আলী নামের দুজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

আদালতে দেওয়া ওই দুজনের স্বীকারোক্তিতে এই হত্যার সঙ্গে তৎকালীন সাংসদ আমানুর রহমান খান, তাঁর তিন ভাই টাঙ্গাইল পৌরসভার তৎকালীন মেয়র সহিদুর রহমান খান, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান ও ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খানের জড়িত থাকার বিষয়টি উঠে আসে। এরপর তাঁরা আত্মগোপনে চলে যান। ২০১৬ সালে ফেব্রুয়ারিতে গোয়েন্দা পুলিশ এই চার ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।

এর আগে সহিদুরের বড় ভাই সাবেক সাংসদ আমানুর রহমান খান ২০১৬ সালের সেপ্টেম্বরে আত্মসমর্পণ করেন। তিন বছরের বেশি সময় হাজতবাসের পর তিনি জামিনে মুক্ত হন। তাঁদের অপর দুই ভাই জাহিদুর ও সানিয়াত এখনো পলাতক।