আ.লীগ নেতাকে মারধরের অভিযোগে যুবলীগের ৯ নেতার বিরুদ্ধে মামলা
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যুবলীগের কয়েকজন নেতার দাবি করা টাকা না দেওয়ায় ডোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অজয় ভৌমিককে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে যুবলীগের ৯ নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মামলায় উপজেলা যুবলীগের সদস্য আলিমুল রাজি ওরফে শিবলুকে প্রধান আসামিসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়। অপর পাঁচ আসামি হলেন মামুন মিয়া, শাহীন মিয়া, সিদ্দিক হোসেন, হাবিব মিয়া, শামীম আনোয়ার। তাঁদের বাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামে।
ডোয়াইল ইউনিয়নের কয়েকজন আওয়ামী লীগ নেতা জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় অজয় ভৌমিক একটি অনুষ্ঠান শেষে চারকোনা বাজারের পাশ দিয়ে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় উপজেলা যুবলীগের সদস্য মামুনুর রশিদ, আলিমুল রাজি ওরফে শিবলু, সিদ্দিক, শাহীন, শামীম আনোয়ার তাঁর পথ আটকে দাঁড়ান। একপর্যায়ে অজয় ভৌমিকের কাছে তাঁরা মাদকদ্রব্য কেনার জন্য ৫০০ টাকা দাবি করেন। অজয় ভৌমিক টাকা না দেওয়ায় তাঁকে মারধর করেন যুবলীগের নেতারা। এ সময় তিনি চিৎকার দিলে তাঁরা দৌড়ে পালিয়ে যান। পরে বাজারের ব্যবসায়ীরা অজয় ভৌমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ডেয়াইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে থানায় মামলা করেন।
ডোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অজয় ভৌমিক বলেন, তাঁকে মারধরের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক বলেন, মামলার আসামিদের শিগগিরই গ্রেপ্তার করা হবে।