আ.লীগ নেতাদের বিরুদ্ধে ময়লা–বাণিজ্যের অভিযোগ

টিনশেড বাসা থেকে ৪০ টাকা, ফ্ল্যাট থেকে ৬০ টাকা এবং হোটেল-রেস্তোরাঁ থেকে ৫০০ টাকা করে নেওয়ার কথা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

আওয়ামী লীগের নেতা–কর্মী ও কিছু ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে গাজীপুর সিটি করপোরেশন এলাকার ময়লা–বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তাঁরা বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের বর্জ্য সংগ্রহ নিয়ে গড়ে তুলেছেন সিন্ডিকেট। এই সিন্ডিকেট ময়লা–বাণিজ্যের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

সিটি করপোরেশন ও কয়েকজন নগরবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বর্জ্য ব্যবস্থাপনায় বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটি করা হয়েছে। কমিটির সভাপতি ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মনিরুজ্জামান মনির। তিনি সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডের মধ্যে কোনোটিতে একজন, কোনোটিতে একাধিক ব্যক্তিকে লিখিতভাবে বর্জ্য–বাণিজ্যের অনুমতি দিয়েছেন। এসব ব্যক্তির কারও কাছ থেকে তিনি বার্ষিক দুই লাখ, কারও কাছ থেকে দেড় লাখ কারও কাছ থেকে ৫০ হাজার টাকা নিচ্ছেন। তিনি মাসিক বিল টিনশেড বাসা থেকে ৪০ টাকা ও ফ্ল্যাট থেকে ৬০ টাকা এবং হোটেল–রেস্তোরাঁ থেকে ৫০০ টাকা নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু বাস্তবে অনেক বেশি টাকা আদায় করছেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। তাঁরা অধিকাংশ ক্ষেত্রে কোনো রসিদ দেন না। অনেক এলাকায় রসিদ দিয়ে টাকা আদায় করলেও সেটি ভয়ে দেখাতে চান না।

গাজীপুর নগর কর্তৃপক্ষ ২০২০-২১ অর্থবছরে বাসিন্দাদের কাছ থেকে পরিচ্ছন্নতা কর হিসেবে ১ কোটি ৭৮ লাখ ৭৯ হাজার ২০ টাকা আদায় করেছে। এরপরও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা ময়লা-আবর্জনা সংগ্রহের বাণিজ্য করে অর্থ লুটপাট করছেন।

ছায়াবীথি এলাকার বাসিন্দা আইনজীবী আফজাল হোসেন বলেন, ‘প্রতিবছর পরিচ্ছন্নতার জন্য কর দিচ্ছি। এরপরও ময়লার জন্য ১৫০ টাকা দিতে হয়।’

সিটি কর্তৃপক্ষ কমিউনিটিভিত্তিক ভ্যান বা যানবাহনের মাধ্যমে ময়লা সংগ্রহ করে ১৬টি শর্তে নির্দিষ্ট স্থানে আবর্জনা অপসারণের কার্যক্রমের অনুমতি দেয়। কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মনিরুজ্জামান মনির একক সিদ্ধান্তে ১৬টি শর্ত সাপেক্ষে প্রতিটি ওয়ার্ডে এক বা একাধিকজনকে ঠিকাদার নিয়োগ করেছেন। এই সুযোগে তাঁরা ময়লা–বাণিজ্য করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের মে মাসের হিসাবে হোল্ডিং রয়েছে আবাসিক ১ লাখ ৮১ হাজার ১৬০টি। একটি হোল্ডিংয়ে গড়ে ৪টি ফ্ল্যাট বা বাসা রয়েছে। প্রতিটি ফ্ল্যাট থেকে গড়ে ১৫০ টাকা করে আদায় করা হয়। সেই হিসাবে প্রতি মাসে ১০ কোটি ৮৬ লাখ ৯৬ হাজার টাকার বাণিজ্য হচ্ছে। নগরীতে হোল্ডিং অনুযায়ী শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে ১০ হাজার ৩৫৩টি। প্রতিটি থেকে গড়ে দেড় হাজার টাকা নেওয়া হয়। সে হিসাবে মাসে আদায় হয় ১ কোটি ৫০ লাখ ৩৬ হাজার টাকা।

যাঁদের দখলে ময়লা–বাণিজ্য

১০টি ওয়ার্ডের কাউন্সিলররা আত্মীয়স্বজন দিয়ে বর্জ্য–ব্যবসা নিয়ন্ত্রণ করছেন। দুটি ওয়ার্ডের কিছু অংশ নিয়ন্ত্রণ করেন বিএনপিপন্থী কাউন্সিলর। এ ছাড়া আওয়ামী লীগের ২২ নেতা, যুবলীগের ১২ নেতা, স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা, শ্রমিক লীগের ২ নেতা, ছাত্রলীগের ৩ নেতা ও একজন মহিলা লীগের নেত্রী এর সঙ্গে জড়িত।

সিটির ১৬ নম্বর ওয়ার্ডের চান্দনা চৌরাস্তায় বর্জ্য ব্যবসা নিয়ন্ত্রণ করেন ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক সিদ্দিকুর রহমান। ২৮ নম্বর ওয়ার্ডের বর্জ্য–বাণিজ্য করেন ওয়ার্ড আওয়ামী লীগের সদস্যসচিব জাকির হোসেন। তিনি বলেন, তিনি ব্যবসা করেন না। এলাকার সাত-আটজনকে ভাগ করে দেওয়া হয়েছে, তাঁরাই ব্যবসা করেন। তবে ওয়ার্ডের আরেকটি অংশে ছাত্রলীগের কিছু কর্মী ব্যবসা করছেন।

২৭ নম্বর ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছেন সোহাগ এন্টারপ্রাইজের মালিক সোহাগ হোসেন। তাঁর কাছ থেকে কাউন্সিলর জাবেদ আলী ব্যবসাটি নিয়ে নেন। জাবেদ বলেন, তাঁর ওয়ার্ডে ব্যবসাটি কয়েকজন করতেন। সোহাগ তাঁদের বাদ দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তাই তাঁকে বাদ দেওয়া হয়েছে।

২২ নম্বর ওয়ার্ডের বর্জ্য ব্যবসা করছেন ওয়ার্ড আওয়ামী লীগের সদস্যসচিব নজরুল ইসলাম। নজরুল বলেন, ‘আমরা অনেকেই মিলে কাজ করছি।’

৫৭ নম্বর ওয়ার্ডের ব্যবসা করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা কাজী সেলিম হোসেন, সভাপতি আজমত উল্লাহ খানের ভাতিজা রিপন খান, যুবলীগকর্মী শহিদ খান ও ছাত্রলীগের কর্মী আরিফ হোসেন। সেলিম বলেন, ‘ব্যবসাটি আমাদের নামে হলেও কর্মীরা ব্যবসা করছেন।’

এ বিষয়ে জানতে কাউন্সিলর মনিরুজ্জামানকে ফোন দিলে তিনি পরিচয় জেনে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর খুদেবার্তা পাঠিয়ে ও তাঁর অফিসে গিয়ে কোনো সাড়া পাওয়া যায়নি।

মেয়র জাহাঙ্গীর আলম বলেন, বর্জ্য ব্যবস্থাপনার জন্য ওয়ার্ডভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু কাউন্সিলরদের জন্য বেশির ভাগ ওয়ার্ডে সেটি সম্ভব হয়নি।