আ.লীগ নেতার ছেলেকে ‘ক্রসফায়ারে দেওয়ার’ হুমকির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগ নেতার স্ত্রী ফাতেমা বেগম। আজ বৃহস্পতিবার বগুড়ার শেরপুর পৌরসভার দত্তপাড়া মহল্লায়
ছবি: প্রথম আলো

বগুড়ার শেরপুর উপজেলা আওয়ামী লীগের এক নেতার ছেলেকে পুলিশ ‘ক্রসফায়ারে দেওয়ার’ হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে এই অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে নিরাপত্তার দাবি জানিয়েছে পরিবারটি। তবে অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন ওসি শহিদুল ইসলাম।

ওই আওয়ামী লীগ নেতার নাম বদরুল ইসলাম পোদ্দার। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং শেরপুর পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় শেরপুর পৌরসভার দত্তপাড়া মহল্লায় আওয়ামী লীগ নেতা বদরুলের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে লিখিত বক্তব্যে বদরুলের স্ত্রী ফাতেমা বেগম বলেন, তাঁর পরিবারের সম্মানহানির চেষ্টা করছেন কিছু ব্যক্তি। এ ঘটনায় তাঁর ছেলেসহ পরিবারের লোকজন প্রতিবাদ করেছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে গত ৩১ মে বিকেলে শহরের পুরাতন বাঁশপট্টি এলাকায় ছেলেসহ পরিবারের কয়েকজনের ওপর হামলা করে শারীরিকভাবে অমানুষিক নির্যাতন চালিয়ে রক্তাক্ত করেন প্রতিপক্ষরা। এ সময় প্রতিপক্ষ কয়েকজন আহত হন।

ফাতেমা বলেন, তাঁর ছেলের ওপর এমন নির্দয় ঘটনাকে কেন্দ্র করে তিনি ১ জুন শেরপুর থানায় প্রতিপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিতে যান। এ সময় শেরপুর থানার ওসি তাঁর অভিযোগটি গ্রহণ করেননি। উল্টো ওসি তাঁর অফিসকক্ষে ফাতিমার ছেলে সিভিল ইঞ্জিনিয়ার আবির আহম্মেদ ওরফে বনিকে ক্রসফায়ারে দেওয়ার হুমকি দেন।

সংবাদ সম্মেলনে ফাতেমা বেগম আরও বলেন, তাঁর ছেলেকে মিথ্যা মামলায় হয়রানি করার জন্য পুলিশ ইতিমধ্যে তাঁর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে তিন দফা অভিযান চালিয়ে ভাঙচুর ও নৈশপ্রহরীকে হত্যার হুমকি দিয়েছে। তিনি শেরপুর থানায় বাদী হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ দিলেও পুলিশ তাঁর অভিযোগটি আজ দুপুর পর্যন্ত এজাহার হিসেবে গ্রহণ করেনি।

সংবাদ সম্মেলনে বদরুল ইসলাম পোদ্দার বলেন, তাঁর ছেলে আবির আহম্মেদ কোনো সন্ত্রাসী নয়। ঢাকায় থাকতেন। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে নিজ বাড়িতে এসেছেন। আবিরের নামে শেরপুর থানায় কোনো ধরনের অভিযোগ নেই। ১ জুন শেরপুর থানার পুলিশ তাঁর নামে মিথ্যা অভিযোগে একটি মামলা করেছে। থানা–পুলিশ অন্যায়ভাবে তাঁর পরিবারকে হয়রানি করছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধানের কাছে বিচার দাবি করেন।

অভিযোগের বিষয়ে শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, আবির আহম্মেদ বনিসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এই মামলায় তাঁদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা রয়েছে। ‘ক্রসফায়ার’–এর অভিযোগ সত্য নয়। ওসি আরও বলেন, ফাতিমা বেগমের অভিযোগটি পুলিশে তদন্তাধীন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করা হবে।