আ.লীগ নেতার নেতৃত্বে তত্ত্বাবধায়কের ওপর হামলার অভিযোগ, প্রতিবাদে কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ফটক ভেঙে ফেলেন আওয়ামী লীগ নেতা শিহাব উদ্দিনের অনুসারীরা। আজ রোববার বিকেলের চিত্র
ছবি: প্রথম আলো

দরপত্রের শিডিউল ফরম পেতে বিলম্ব হওয়ার অজুহাতে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. হেলাল উদ্দিনকে মারধর করার অভিযোগ উঠেছে। আজ রোববার বেলা সোয়া একটার দিকে হাসপাতালে তত্ত্বাবধায়কের কার্যালয়ে জেলা আওয়ামী লীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহিনের নেতৃত্বে এ হামলা হয়েছে বলে জানা গেছে।

হামলাকারীরা তত্ত্ববধায়ককে কিল-ঘুষি মারেন এবং হাসপাতালের নোটিশ বোর্ড ও প্রধান ফটক ভাঙচুর করেন। এ ঘটনার প্রতিবাদে হাসপাতালে সব চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ইন্টার্ন চিকিৎসক, নার্সসহ সব কর্মকর্তা-কর্মচারীরা। তাঁরা ঘটনার প্রতিবাদে হাসপাতালের সামনে, শহরে এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। ঘটনার প্রতিবাদ জানিয়ে কাল সোমবার বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম প্রথম আলোকে বলেন, আজ আনুমানিক দুপুর ১২টার দিকে আওয়ামী লীগ নেতা শিহাব উদ্দিন প্রায় ১০০-১৫০ জন অনুসারী নিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে আসেন। তিনি বার্ষিক কেনাকাটার (এমএসআর) দরপত্রের শিডিউল কিনতে চান। তাৎক্ষণিক তত্ত্বাবধায়ক আরএমওকে ডেকে পাঠান। তিনি এসে বিষয়টি জানার পর সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের যথাযথ নিয়ম অনুসরণ করে শিডিউলের একটি কপি নিয়ে আসতে বলেন।

আরএমও বলেন, দাপ্তরিক কাজের চাপের কারণে শিডিউলের কপি আনতে দেরি হওয়ায় শিহাব উদ্দিন বারবার তাড়া দিতে থাকেন। এরই মধ্যে তাঁর সঙ্গে থাকা অনুসারীরা তাঁর গায়ের (আরএমও) ওপর দিয়ে গিয়ে তত্ত্বাবধায়ক হেলাল উদ্দিনের গলা টিপে ধরে তাঁকে এলোপাতাড়ি কিল–ঘুষি মারতে থাকেন। এ সময় তিনি বারবার শিহাব উদ্দিনকে বিষয়টি ভালো হচ্ছে না বলার পরও তিনি তাঁদের নিবৃত করেননি।

হাসপাতালের তত্ত্বাবধায়ককে মারধরের প্রতিবাদে কর্মকর্তা–কর্মচারীদের অবস্থান ধর্মঘট। আজ রোববার বেলা সাড়ে তিনটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে
ছবি: প্রথম আলো

সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, এ ঘটনার পর হামলাকারীরা হাসপাতালের নোটিশ বোর্ড ও প্রধান ফটকে ভাঙচুর করেন। এরই মধ্যে দরপত্রের কপি এসে পৌঁছালে শিহাব উদ্দিন শাহিন তা নিয়ে হাসপাতাল চত্বর ত্যাগ করেন। আরএমও জানান, ঘটনার পর হাসপাতালে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক, নার্স, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা সেবা কার্যক্রম বন্ধ করে বিক্ষোভ মিছিল করেন এবং দুষ্কৃতকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত হাসপাতালে জরুরি সেবা ছাড়া সব ধরনের সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা সাতটা) কর্মবিরতি অব্যাহত রয়েছে। হাসপাতালে নতুন রোগী ভর্তি বন্ধ রয়েছে।

তত্ত্বাবধায়ক চিকিৎসক মো. হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, শিহাব উদ্দিন শিডিউল কেনার কথা বলার পর তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যবস্থা নিতে বলেন এবং তাঁকে একটু বসতে বলেন। কিন্তু শিডিউল দিতে বিলম্ব হচ্ছে এই অভিযোগ তুলে শিহাব উদ্দিনের সঙ্গের লোকজন নানা অশ্লীল কথাবার্তা বলতে থাকেন। একপর্যায়ে তাঁরা শারীরিকভাবে তাঁকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার প্রতিবাদে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক, নার্স, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা বেলা দুইটার দিকে সেবা কার্যক্রম বন্ধ করে বিক্ষোভ মিছিল করেন। তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান। সেখানে তাঁরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশরাত সাদমীনকে ঘটনা অবহিত করেন। এদিকে বিকেল চারটায় হাসপাতালে গিয়ে দেখা যায়, সুধারাম থানা–পুলিশের একটি দল হাসপাতালের ফটকে অবস্থান করছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহিন প্রথম আলোকে বলেন, তিনি দুপুরে এমএসআর দরপত্রের শিডিউল কিনতে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে যান। চালানের কপি দিয়ে শিডিউল নিতে চাইলে তত্ত্বাবধায়ক বলেন, ‘শিডিউল নেই, শেষ হয়ে গেছে। আগেরগুলো আছে। নতুনগুলো তৈরি হয়নি, দিচ্ছি। স্টাফরা বলেন, দেওয়া যাবে না।’ শিবাব উদ্দিনের দাবি, এরই মধ্যে তৃতীয় একটি পক্ষ সিনক্রিয়েট করার জন্য তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছে। তিনি তাদের চেনেন না। তাঁর সঙ্গে অন্য কোনো লোক সেখানে যাননি। হাসপাতালের এসব দরপত্র কারা এত দিন ধরে নিয়ন্ত্রণ করে আসছেন, এটা সবাই জানেন বলেও তিনি উল্লেখ করেন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের ওপর হামলা ও হাসপাতালে ভাঙচুরের প্রতিবাদে চিকিৎসক-কর্মচারী শূন্য জরুরি বিভাগ। আজ রোববার বিকেল চারটার চিত্র
ছবি: প্রথম আলো

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন প্রথম আলোকে বলেন, জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ককে লাঞ্ছিত করা ও ভাঙচুরের ঘটনা তিনি শুনেছেন। তিনি নির্বাচনী দায়িত্বে সেনবাগ রয়েছেন। ঘটনার খবর পেয়ে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগের আলোকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর হাসপাতালের বার্ষিক কেনাকাটার (এমএসআর সামগ্রী) দরপত্র আহ্বান করা হয়। তখন শিডিউল সংগ্রহের ঠিকানা দেওয়া হয়েছিল হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা পুলিশ সুপারের কার্যালয়। কিন্তু জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ে শিডিউল বিক্রির জন্য নেওয়ার পথে কেড়ে নেওয়ার হুমকি-ধমকির কারণে সেখানে সেখানে শিডিউল না পাঠিয়ে ওই দরপত্র বাতিল করা হয়। এরপর ১১ নভেম্বর দ্বিতীয়বার দরপত্র আহ্বান করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, কাল ২৯ নভেম্বর দরপত্র ক্রয়ের শেষ দিন এবং ৩০ নভেম্বর দরপত্র জমাদানের শেষ দিন।

বিএমএর প্রতিবাদ কর্মসূচি

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের ওপর হামলা ও হাসপাতালে ভাঙচুরের প্রতিবাদে আগামীকাল সকাল ১০টা থেকে কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নোয়াখালী জেলা শাখা। আজ বিকেলে জেলা বিএমএর দপ্তর সম্পাদক মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মবিরতি চলাকালে জেনারেল হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হবে। ঘোষিত কর্মসূচিতে চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, নার্সসহ সব কর্মকর্তা-কর্মচারীকে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কর্মবিরতি কতক্ষণ চলবে, তা নির্দিষ্ট করে বলা হয়নি।

এদিকে সন্ধ্যায় স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) জেলা শাখার সভাপতি ফজলে এলাহী খান ও সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত অপর এক বিজ্ঞপ্তিতে তত্ত্বাবধায়কের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। পাশাপাশি স্বাচিপের পক্ষ থেকে বিএমএ ঘোষিত কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করা হয় এবং কর্মসূচিতে স্বাচিপের সব সদস্যকে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।