আ.লীগ নেতার বিরুদ্ধে বঙ্গবন্ধু প্রজন্ম লীগের নামে নানা অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক ব্যারিস্টার জাকির আহাম্মদের শাস্তি চেয়ে সংবাদ সম্মেলন। লাউরফতেহপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, ৬ আগস্ট
ছবি: প্রথম আলো।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক ব্যারিস্টার জাকির আহাম্মদের বিরুদ্ধে বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতির পরিচয়ে ভূমিদখল, চাঁদাবাজিসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে তাঁর শাস্তি চেয়ে উপজেলার লাউরফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগ সংবাদ সম্মেলন করেছে।

জাকির জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদকও। তাঁকে দল থেকে বহিষ্কারের জন্য উপজেলা আওয়ামী লীগের কাছে সুপারিশ পাঠিয়েছে ইউনিয়ন আওয়ামী লীগ। লাউরফতেহপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আবদুল্লাহ আল মাছুম। তিনি বলেন, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি পরিচয় দিয়ে ব্যারিস্টার জাকির দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপকর্ম করে বেড়াচ্ছেন। তিনি নিজের ছবি প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে সংযোজন করে প্রচারণা চালিয়ে এলাকায় প্রভাব বিস্তার করেন। অগ্রণী ও রূপালী ব্যাংকের পরিচালক হয়ে শতকোটি টাকার মালিক হয়েছেন জাকির। তিনি হিন্দুদের শ্মশানও সম্প্রতি দখল করেছেন।

আবদুল্লাহ আল মাছুম আরও বলেন, শ্মশানের জায়গা দখল করে মাটি কেটে নিজের ব্যক্তিগত কলেজ মাঠ ভরাট করেছেন জাকির। লাউরফতেহপুর মৌজায় তাঁর দুই বিঘা জমি ও কয়েক শতাংশ বাড়ির মালিক ছিলেন। কিন্তু অগ্রণী ব্যাংকের পরিচালক হওয়ার পর নিজ এলাকায় ১০ বিঘার বাড়ি এবং ৫০ বিঘা জমির মালিক হয়ে যান। বিএনপি ও জামায়াতের সহযোগিতায় ২০০৬ সালের ১৫ আগস্ট ২০০৬ সালে জাতীয় শোক দিবসে আলোচনা সভায় হামলা চালান জাকির ও তাঁর বাহিনী।

মেয়ের বিয়েতে দাওয়াত না দেওয়ায় বাড়ি থেকে ডেকে এনে বিজয় বণিককে মারধর করেন জাকির। গ্রামের সুভাষ বণিকের বাড়ি দখল করেন জাকির। পরে লাখ টাকায় ছাড়িয়ে নেন সুভাষ। হিন্দুসমাজের শৌচাগারের জায়গা ও পানি চলাচলের রাস্তা মাটি দিয়ে ভরাট করে দখল করেন জাকির। ফ্যাশনে জায়গা দখল করে মাটি কেটে তিনি নিজের কলেজের মাঠ ভরাট করেন। ২০১২ সালের ৫ মার্চ জুন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ ইকবালের ওপর হামলা চালান জাকির। ২০১২ সালের ১৬ ডিসেম্বর উপজেলা মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা চালিয়ে বাড়িঘর, আসবাব ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করান তিনি।

সংবাদ সম্মেলনে নবীনগর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আওলাদ হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, লাউরফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক ব্যারিস্টার জাকির আহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ যে কেউই করতে পারেন। কিন্তু অভিযোগ প্রমাণ করতে হবে। আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একাধিক অভিযোগ ও মামলা হয়েছে। একটি মামলাও সত্য প্রমাণ করতে পারেনি। সত্য না পাওয়ায় মামলাগুলোর চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। যাঁরা সংবাদ সম্মেলন করেছেন, এমন চারজনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শিগগির তা মামলায় রূপান্তর করা হবে। অভিযোগ তদন্তে এক লাইনও সত্য প্রমাণ করতে পারলে, নিজেই বিচারের কাঠগড়ায় দাঁড়াব।’

জাকির আরও বলেন, নবীনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল্লাহ আল মাছুম ও লাউরফতেহপুর ইউনিয়ন লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের বিরুদ্ধে ১১ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এক ব্যক্তি লিখিত অভিযোগ দিয়েছেন।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রথম আলোকে বলেন, ‘আমরা কোনো ধরনের অভিযোগ পাইনি। অভিযোগ পেলে সত্যতা পাওয়া সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’