আ.লীগ নেতার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর জেলার ম্যাপ

জামালপুর শহরে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। বিচারের দাবিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা দলীয় নেতাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

ওই আওয়ামী লীগ নেতার নাম ছানোয়ার হোসেন। তিনি জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং মেষ্টা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তিনি জামালপুর শহরের শহীদ হারুন সড়কের ‘সবুজ একাডেমি’ নামের একটি স্কুলের ব্যবস্থাপনা পরিচালক।

লিখিত অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা বলেছেন, তাঁর স্ত্রী সবুজ একাডেমি স্কুলে শিক্ষক হিসেবে কর্মরত। তাঁর দুই সন্তান ওই স্কুলে পড়াশোনা করে। গত বুধবার বেলা দেড়টার দিকে স্কুল ছুটির পর তাঁর স্ত্রীকে কুপ্রস্তাব দেন ছানোয়ার হোসেন। একপর্যায়ে তিনি শ্লীলতাহানি করেন। স্ত্রীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার চেয়ে গতকাল শনিবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তিনি লিখিত আবেদন করেছেন।

এ বিষয়ে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহম্মেদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি ঢাকায় থাকার কারণে বিষয়টি জেলা আওয়ামী লীগের নেতাদের জানিয়েছি। ওই নারীর সঙ্গে আমার মুঠোফোনে কথা হয়েছে। তিনি কান্নাকাটি করছেন, নানা অভিযোগ করেছেন।’

অভিযোগের বিষয়ে ছানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘পুরো ঘটনাটি মিথ্যা ও অপপ্রচার। ওই দিন ওই শিক্ষিকার বিরুদ্ধে অন্য শিক্ষকেরা আমার কাছে সালিস করেন। বিষয়টি তাঁর স্বামীকে জানানোর কথা বলি। স্কুলে শিক্ষকতা করতে হবে না বলে বলি। এ ছাড়া তাঁর সঙ্গে আমার কিছুই হয়নি। এ সময় স্কুলের অন্যরাও ছিলেন। আমি ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী। ফলে প্রতিপক্ষের লোকজন আমাকে হেয়প্রতিপন্ন করতে ওই নারীকে দিয়ে মিথ্যা অভিযোগ তুলেছেন। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’