আ.লীগ প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুরাতন মধুপুর হাজী মহিবুউদ্দিন ফোরকানিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে ভোটারদের সারি
ছবি: শহীদুল ইসলাম

রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি কেন্দ্রে বাইরে আওয়ামী লীগের প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। নৌকার প্রার্থীর কর্মীরা কেন্দ্রের বাইরে ভোটারদের পরীক্ষা করে তারপর কেন্দ্রে যেতে দিচ্ছেন। এ খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে অভিযান চালিয়েছে। এদিকে আরেকটি কেন্দ্রে বিএনপি সমর্থকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

এই কেন্দ্রের নাম বড়গাছী কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইউনিয়নের নয়টি কেন্দ্রের মধ্যে এখানে সবচেয়ে বেশি ভোটার। কেন্দ্রে আসা ভোটাররা বলেন, ভোট ভালোই হচ্ছিল। কিন্তু কেন্দ্রে আসার আগে নৌকার সমর্থকদের পরীক্ষার মধ্যে পড়তে হচ্ছে। তাঁরা বলছেন, নৌকায় ভোট দিলে কেন্দ্রে যেতে দেবেন।

এই পরিস্থিতির খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শেখ এহসান উদ্দীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে সেখানে অভিযান চালান। বিজিবির ধাওয়ায় ভোট দিতে বাধা দেওয়া ব্যক্তিরা দৌড়ে পালান। এ সময় সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা দেওয়ান ইবনুল হাসান জানিয়েছেন, কেন্দ্রের ভেতরে কোনো সমস্যা নেই। বাইরে সমস্যা হলে সেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে। ভেতরে ভোট সুষ্ঠু হচ্ছে।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোটরসাইকেল প্রতীকের মনজুর মোর্শেদ অভিযোগ করেন, কেন্দ্রে কেন্দ্রে নৌকার প্রার্থীর সমর্থকেরা বাধা দিচ্ছেন। হুমকিতে ভোটাররা ভীত।

বতর্মান চেয়ারম্যান ও বিএনপি–সমর্থিত সোহেল রানা বলেন, ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে। আগের দিন রাতেও তাঁরা হুমকি দিয়েছেন। সকালে ভোটারদের ভিড় দেখে নৌকার প্রার্থীর মাথা খারাপ হয়ে গেছে।

তবে এ বিষয়ে নৌকার প্রার্থী মো. শাহাদৎ হোসাইনের বক্তব্য পাওয়া যায়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শেখ এহসান উদ্দীন বলেন, যেখানে বাধা দেওয়ার খবর পাওয়া যাচ্ছে, সেখানে চলছে অভিযান। যার যার ভোট, সে সে দেবে। কোনো অনিয়ম হবে না।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্কতা (ওসি) সিরাজুম মনির বলেন, বড়গাছীর একটি কেন্দ্রে মারামারির খবর পেয়ে ফোর্স পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

বড়গাছী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৭ হাজার ১২০ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ১১টি। চেয়ারম্যান পদে স্বতন্ত্র আরেক প্রার্থী ঘোড়া প্রতীকের আবজাল হোসেন সুমন।

পবা উপজেলার সাতটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই সাতটি ইউনিয়নে মোট ৬৭টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৫৫টি ভোটকেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ ও ১৩টি কেন্দ্র ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।