সাতকানিয়ায় ইউপি নির্বাচন
আ.লীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর প্রচারণায় হামলা চালানোর অভিযোগ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউপি নির্বাচনে ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থী মো. সেলিম উদ্দিনের প্রচারণার গাড়িবহরে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সেলিম উদ্দিন আজ মঙ্গলবার সকালে সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেলে ‘বিদ্রোহী’ প্রার্থী মো. সেলিম উদ্দিন চৌধুরী সোনাকানিয়ার গারাংগিয়ার বদর সিকদারপাড়া এলাকায় গাড়িবহর নিয়ে প্রচারণায় বের হন। এ সময় আওয়ামী লীগের প্রার্থী জসিম উদ্দিনের লোকজন তাঁদের গাড়ির বহরে হামলা চালান। এতে সেলিম উদ্দিন চৌধুরী, তাঁর ছোট ভাইসহ ১৫ জন আহত হন ও অন্তত ২৫টি অটোরিকশা ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মো. সেলিম উদ্দিন চৌধুরী তাঁর সোনাকানিয়ার মির্জাখীলের বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। ওই সভা থেকে তিনি আওয়ামী লীগের প্রার্থী জসিম উদ্দিন ও তাঁর অনুসারীসহ সব সন্ত্রাসীর কাছ থেকে অবৈধ অস্ত্র জব্দ করার ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি বলেন, সোনাকানিয়া একটি শান্ত এলাকা। এই এলাকাকে আওয়ামী লীগের প্রার্থী জসিম উদ্দিন ও তাঁর কিছু সন্ত্রাসী অশান্ত করার চেষ্টা করছেন। এলাকা থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হলে সন্ত্রাসীরা ভয় পেয়ে যাবেন।
এ বিষয়ে জানতে চাইলে ‘বিদ্রোহী’ প্রার্থী মো. সেলিম উদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁর গাড়িবহরে হামলার ঘটনায় আওয়ামী লীগের প্রার্থী জসিম উদ্দিনসহ ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে থানায় তিনি একটি অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগের ভিত্তিতে প্রতিকার পাওয়া না গেলে তিনি আদালতের আশ্রয় নেবেন।
চেয়ারম্যান প্রার্থী সেলিম উদ্দিনের প্রচারণার কাজে নিয়োজিত গাড়িবহরে হামলা চালানোর অভিযোগের বিষয়ে কথা বলার জন্য আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মুঠোফোনে ফোন করা হলে তিনি বলেন, সেলিম উদ্দিনের গাড়িবহরে তাঁর কোনো সমর্থক হামলা চালায়নি। বরং সেলিম উদ্দিনের সমর্থকেরা তাঁর সমর্থকদের ওপর হামলা চালিয়েছে।
এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল প্রথম আলোকে বলেন, মো. সেলিম উদ্দিন চৌধুরী নামের একজন চেয়ারম্যান প্রার্থী লিখিত একটি অভিযোগ পাঠিয়েছেন। বিষয়টি যাচাই-বাছাই করে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।