আ.লীগ সরকারে থাকলে কোনো নির্বাচন কমিশনই নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিচ্ছেন নজরুল ইসলাম খান। আজ বুধবার দুপুরে বগুড়া শহরের নওয়াববাড়ি সড়কে
ছবি: প্রথম আলো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগ সরকারে থাকলে কোনো নির্বাচন কমিশনই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে হলে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া জনগণের হারানো অধিকার ফিরিয়ে আনা সম্ভব নয়।

আজ বুধবার দুপুরে বগুড়া শহরের নওয়াববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান এসব কথা বলেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে বগুড়া জেলা বিএনপি আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া পৌরসভা মেয়র রেজাউল করিম।
সমাবেশে নজরুল ইসলাম আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। জনগণের কাছে জবাবদিহি ও দায়বদ্ধতা নেই বলেই সরকার দফায় দফায় গ্যাস, বিদ্যুৎ, পানি, জ্বালানি ও ভোজ্যতেলের মূল্য বৃদ্ধি করছে। সংসার চালাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠলেও সরকারের কোনো মাথাব্যথা নেই। কারণ, সরকার জনগণের ভোটে ক্ষমতায় আসেনি। দিনের ভোট রাতে বাক্স ভরে তারা ক্ষমতায় এসেছে।

বর্তমান সরকারকে ‘অবৈধ’ দাবি করে নজরুল ইসলাম বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জনগণকে ঐক্যবদ্ধ করে দুর্বার সংগ্রাম গড়ে তুলতে হবে। সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী এই অবৈধ সরকারকে সরিয়ে সংসদীয় গণতন্ত্র ফেরাতে হবে।

সমাবেশে বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা ও দলের সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার, বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও ফজলুল বারী তালুকদার, বগুড়া-৪ আসনের সাংসদ মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য দেন।