আ.লীগকে ২২টি অক্সিজেন সিলিন্ডার দিলেন সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাট-১ আসনের সাংসদ সামছুল আলম পৌর আওয়ামী লীগকে ২২টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে
ছবি: প্রথম আলো

করোনায় শ্বাসকষ্টে থাকা রোগীদের সেবা দিতে জয়পুরহাট পৌর আওয়ামী লীগকে ২২টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন জয়পুরহাট-১ (জয়পুরহাট সদর ও পাঁচবিবি) আসনের সাংসদ সামছুল আলম দুদু।

আজ সোমবার বেলা ১১টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আনুষ্ঠানিকভাবে অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করেন সাংসদ।

পরে পৌর আওয়ামী লীগের অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী বিভাগের দায়িত্বে থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তৃতা করেন। এতে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি আজম আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংসদ সামছুল আলম, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়াম্যান এস এম সোলায়মান আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাজা চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোমিন আহমেদ চৌধুরী, নৃপেন্দ্রনাথ মণ্ডল প্রমুখ।

সাংসদ সামছুল আলম বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে পৌর আওয়ামী লীগকে ২২টি অক্সিজেন সিলিন্ডার দিলাম। অক্সিজেনের সমস্যা থাকা রোগীদের প্রয়োজনে, যে কেউ ফোন দিলেই পৌর আওয়ামী লীগ অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেবে। যদি কারও খাবারের প্রয়োজন হয়, তাঁকে খাবার পৌঁছে দেওয়া হবে হবে।’

কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, ‘জয়পুরহাট-১ আসনের সাংসদ সামছুল আলমের এই মহতী উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। অতীতের যেকোনো দুর্যোগে আওয়ামী লীগ যেভাবে পাশে ছিল, করোনা মোকাবিলায় সেভাবে পাশে রয়েছে।’

জয়পুরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন বলেন, পৌর আওয়ামী লীগের অক্সিজেন সেবা কার্যক্রম পরিচালনায় একটি স্বেচ্ছাসেবী কমিটি করা হয়েছে। আজ থেকে অক্সিজেন সেবা কার্যক্রম শুরু হয়েছে। ফোন পেলেই স্বেচ্ছাসেবীরা অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেবে।