আ.লীগের চেয়ারম্যান প্রার্থীর তালিকায় বাবা–ছেলে, দেবর–ভাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের তালিকা তৈরিতে অনিয়ম করার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে ওই তালিকা জমা দিয়েছে জেলা আওয়ামী লীগ। কয়েকটি ইউপিতে ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ওই তালিকায় ঠাঁই পাননি। কিন্তু ঠাঁই পেয়েছেন বাবা–ছেলে, দুই ভাই ও দেবর-ভাবি। উপজেলা আওয়ামী লীগের নেতারা অর্থের বিনিময়ে এ তালিকা তৈরি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ১৪ অক্টোবর তৃতীয় ধাপে রায়পুর উপজেলার ১০টি ও রামগঞ্জের ১০টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ভোট গ্রহণ আগামী ২৮ নভেম্বর। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ নভেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ৪ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর।

দলীয় সূত্রে জানা গেছে, রামগঞ্জের নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর তালিকায় ১ নম্বরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হোসেন রানা ও ২ নম্বরে তাঁর ভাই ইউনিয়ন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিলসহ তাঁদের চার স্বজনকে; রায়পুরের দক্ষিণ চরবংশী ইউপির প্রার্থীর তালিকায় ১ নম্বরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ মোল্লা ও ২ নম্বরে তাঁর ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মনির হোসেন মোল্লাকে; কেরোয়া ইউনিয়নে ৩ নম্বরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ আলম ও ৫ নম্বরে তাঁর ভাবি শাহিনুর বেগমকে এবং উত্তর চর আবাবিলে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শহিদ উল্যা, তাঁর ভাই ইউনিয়ন কমিটির আরেক সদস্য ফরিদ উদ্দিনসহ পরিবারের তিন সদস্যের নাম রাখা হয়েছে। জেলা আওয়ামী লীগ ওই তালিকা কেন্দ্রে পাঠিয়েছে। কাল সোমবার গণভবনে দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থীদের তালিকা চূড়ান্ত করার কথা রয়েছে।

রামগঞ্জের নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. সোহেল রানা জানান, মো. হোসেন রানা ও ইব্রাহিম খলিল আপন দুই ভাই। তাঁদের নাম তালিকার ১ ও ২ নম্বরে। তিনি সক্রিয়ভাবে রাজনীতি করলেও তাঁর নাম দেওয়া হয়েছে ৪ নম্বরে। তিনি উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হলেও তালিকায় তাঁর পদের কথা উল্লেখ করা হয়নি। এ ব্যাপারে কথা বলার জন্য হোসেন রানা ও ইব্রাহিম খলিলের মুঠেফোনে কল করা হলেও তাঁরা ধরেননি।

রামগঞ্জের করপাড়া ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক জানান, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী যাচাই-বাছাইয়ে তৃণমূলের মতামত নেওয়া হয়নি। এমনকি তাঁর সঙ্গে আলোচনাও করা হয়নি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের ইচ্ছেমতো তালিকা করে জেলা কমিটির কাছে জমা দিয়েছেন। তালিকায় অনিয়মের বিষয়ে দলের সভানেত্রীর কাছে ২৩ অক্টোবর অভিযোগ দিয়েছেন পাঁচ ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক।
রামগঞ্জের ভাটরা ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন বলেন, ‘ষড়যন্ত্র করে দলের ত্যাগী নেতাদের মনোনয়ন তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আমি দলের দুঃসময়ে হাল ধরেছি। রাজনৈতিক কারণে হামলা-মামলার শিকার হয়েছি। অথচ আমার নামও বাদ দিয়েছেন তাঁরা। অর্থের বিনিময়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেদের ইচ্ছেমতো তালিকা করেছেন।

অর্থের বিনিময়ে চেয়ারম্যান প্রার্থীদের তালিকা করার অভিযোগের বিষয়ে রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন ও রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকন বলেন, ‘ইউনিয়ন আওয়ামী লীগ থেকে যে তালিকা পেয়েছি, সেটাই জেলায় পাঠানো হয়েছে। বিরোধীতার কারণে দলের কিছু নেতা-কর্মী অপপ্রচার চালাচ্ছেন। অর্থের বিনিময়ে তালিকা করার অভিযোগ সঠিক নয়।’

এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া গোলাম ফারুক বলেন, ‘রায়পুর ও রামগঞ্জে আওয়ামী লীগের দেড় শতাধিক নেতা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। জেলা কমিটি থেকে ১২০ জনের নামের তালিকা কেন্দ্রে জমা দেওয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগ থেকে আমরা যে তালিকা পেয়েছি, সেটাই কেন্দ্রে পাঠিয়েছি। দুই ভাই, দেবর-ভাবি ও বাবা-ছেলের নাম থাকার বিষয়টি আমার জানা নেই।’