আ.লীগের চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার
মেহেরপুর সদর উপজেলার নবগঠিত শ্যামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবদুর রব বিশ্বাস প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার আবদুল আজিজের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেন তিনি। পরে তাঁর ওই আবেদন গ্রহণ করা হয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল আজিজ এ তথ্য নিশ্চিত করে বলেন, নবগঠিত শ্যামপুর ইউপি নির্বাচনের চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। আবদুর রব বিশ্বাস সকাল ১০টার দিকে তাঁর প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেন। ওই আবেদন গ্রহণ করায় বিকেল পাঁচটার পর আবদুর রব বিশ্বাসের প্রার্থিতা বাতিল হয়ে যায় ।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আগামী ১৫ জুন মেহেরপুর পৌরসভাসহ চারটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নবগঠিত এই শ্যামপুর ইউনিয়নে আবদুর রব বিশ্বাসসহ মোট আটজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন ফরম জমা দেন।
দলীয় মনোনয়ন পেয়েও মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওোর কারণ জানতে চাইলে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আবদুর রব বিশ্বাস বলেন, ‘এত দিন ধরে যাদের হাঁটি হাঁটি পা পা করে রাজনীতির শিক্ষা দিলাম, তাদের সঙ্গে ভোটের মাঠে লড়তে হবে—এই ভাবনা থেকেই মনোনয়ন প্রত্যাহারের জন্য আবেদন করেছি। দলের মধ্যে একাধিক প্রার্থী স্বতন্ত্র হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছে। একাধিক বিদ্রোহীদের মোকাবিলা করার ক্ষমতা আমার নেই।’
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, শ্যামপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করার জন্য উপজেলা আওয়ামী লীগের সদস্য আক্তার হোসেন, নয়ন হাবিব, মতিয়ার রহমান, খিলাফত আলী, কামরুল হাসান, আবুল হোসেন, আবদুল বারী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
শ্যামপুর গ্রামের বাসিন্দা মিলন বিশ্বাস বলেন, নবগঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে অনেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এলাকায় গণসংযোগ করছেন। আবদুর রব বিশ্বাস একজন নেহাত ভালো মানুষ। তিনি মনে করেছিলেন যে আওয়ামী লীগ দল তাঁকে মনোনীত করলে এখানে আর কেউ প্রতিপক্ষ হয়ে নির্বাচনে অংশ নেবেন না। কিন্তু তা হয়নি। অনেকে তাঁকে সম্মান না জানিয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন। এসব ভেবে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াতে তিনি মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন।
মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘আমাদের দলীয় প্রার্থী আবদুর রব বিশ্বাস মনোনয়ন প্রত্যাহার করায় শ্যামপুর ইউনিয়নে দলের আর কোনো প্রার্থী থাকল না। দলের মধ্য থেকে যাঁরা বিদ্রোহী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’