আ.লীগের দুঃশাসন থেকে মুক্তি পেতে গণ-অভ্যুত্থান ঘটাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার গাবতলী পৌর বিএনপির সম্মেলনে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ। আজ শনিবার উপজেলার তরফসরতাজ সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে
ছবি: প্রথম আলো

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেছেন, আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্তি পেতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে নব্বইয়ের চেতনায় আরও একটি গণ-অভ্যুত্থান ঘটাতে হবে। শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সেই গণ–অভ্যুথানের আন্দোলন শুরু হবে। জনগণ পার্লামেন্ট থেকে ভোট চোর দুর্নীতিবাজদের টেনেহিঁচড়ে বের করে আনবেন। ভোট চোরদের সচিবালয় থেকে টেনে বের করে আনবেন।

আজ শনিবার দুপুরে বগুড়ার গাবতলীতে পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীর্ঘ প্রায় ১১ বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হয় উপজেলার তরফসরতাজ সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে। সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম।

আমানউল্লাহ অভিযোগ করেন, চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম জনগণের ক্রয়ক্ষমতার বাইরে হলেও জনগণের কাছে সরকারের কোনো জবাবদিহি ও দায়বদ্ধতা নেই। কারণ, এ সরকার জনগণের ভোটে নয়, রাতের ভোটে নির্বাচিত।
আমানউল্লাহ আরও বলেন, আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-সাংসদ আর নেতারা এখন নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রক। বিদেশ থেকে পণ্য আমদানির নিয়ন্ত্রকও তাঁরাই। তাঁরাই সিন্ডিকেট করে নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে জনগণের হাজার হাজার কোটি টাকা পকেটে ভরছেন। দুর্নীতির অর্থ বিদেশে পাচার করছেন।

ছাবেদ আলী সরকারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার ও এ কে এম সাইফুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির সদস্য আলী আজগর তালুকদার, গাবতলী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোর্শেদ মিল্টন। আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য এম আর ইসলাম, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান, গাবতলী পৌরসভার মেয়র সাইফুল ইসলাম প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল পর্বে সরাসরি ভোটে নির্বাচিত নতুন নেতৃত্বের ঘোষণা দেন প্রধান অতিথি। গাবতলী পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন কায়দুজ্জামান টিপু। এ ছাড়া আবদুর রহিম সাধারণ সম্পাদক, তরিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক এবং তাজুল ইসলাম সহসাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।