আ.লীগের দুই পক্ষের মহড়া, পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের দুই পক্ষের অস্ত্রের মহড়া ও ধাওয়া-পাল্টা ধাওয়া। নূরপুর এলাকা, পাকুন্দিয়া,  কিশোরগঞ্জ, ১৬ মে
ছবি: তাফসিলুল আজিজ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে। আওয়ামী লীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে চলছে অস্ত্রের মহড়া ও পাল্টাপাল্টি ধাওয়া। এতে দুজন আহত হয়েছেন।

কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য মো. সোহরাব উদ্দিনের নেতৃত্বে নারান্দি ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি নেওয়া হয়।

সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের নিয়ে সোহরাব উদ্দিন উপজেলার পাটুয়াভাঙা দরগা বাজার এলাকা থেকে তাঁর নেতা-কর্মীদের নিয়ে নারান্দি ইউনিয়ন নূরপুর এলাকার উদ্দেশে রওনা হন। সম্মেলনে যাওয়ার খবর পেয়ে বিরোধী পক্ষ নারান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলামের নেতৃত্বে অস্ত্র সজ্জিত হয়ে তাঁদের (সোহরাবের লোকজন) প্রতিহত করতে নূরপুর প্রাথমিক বিদ্যালয় এলাকায় অবস্থান নেয়। এ সময় সোহরাবের লোকজন পৌঁছানোর সঙ্গে সঙ্গেই উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেলের ঘটনা ঘটে। এতে দুজন ইটপাটকেলের আঘাতে আহত হন।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে নূরপুর রাস্তার পাশে খোলা মাঠে সোহরাব উদ্দিন সম্মেলনের মাধ্যমে নারান্দি ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন ঘোষণা দেন।

আওয়ামী লীগের দুই পক্ষের হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় দুজন আহত হন। নূরপুর এলাকা, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ১৬ মে
ছবি: প্রথম আলো

সোহরাবের অনুসারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ভিপি ফরিদ উদ্দিন বলেন, উপজেলা আওয়ামী লীগের কমিটি হওয়ার পর থেকে তাঁদের ওপর একের পর এক বাধা আসছে। কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী তাঁরা দ্রুত সময়ে ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করতে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় তাঁরা ৪ মে উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠন শুরু করেন। প্রথম ইউনিয়নটি ভালোভাবে করলেও পরেরবার থেকে বিরোধী পক্ষটি পুলিশের সহায়তায় নানাভাবে তাদের বাধাবিপত্তি ও হয়রানি করছে।

গত শুক্রবার তাঁরা হোসেন্দী ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন করতে যান। এ সময় বিরোধী পক্ষ তাঁদের মুখোমুখি হওয়ার সাহস না করলেও পুলিশ তাঁদের ব্যানার ছিঁড়ে ফেলে লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এরপরও তাঁরা ওই দিন বাধার মুখেও হোসেন্দী ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন। পূর্বের ঘোষণা অনুযায়ী আজ নারান্দি ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনও বানচাল করার জন্য বিরোধী পক্ষটি অনেক চেষ্টা চালায়। তবে শেষ পর্যন্ত তাঁদের নেতা-কর্মীদের প্রতিবাদের মুখে বিরোধী পক্ষটি টেকেনি।

এ বিষয়ে সোহরাব উদ্দিন বলেন, তাঁদের ওপর যতই বাধাবিপত্তি আসুক। কেন্দ্রের নির্দেশ ও পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগকে শক্তিশালী করতে তাঁরা দ্রুত সময়ে বাকি ইউনিয়নগুলোর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন ও ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন শেষ করবেন।

তবে শফিকুল ইসলাম বলেন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি অবৈধ। এ কারণে ওই কমিটির কোনো সম্মেলন করার অধিকার নেই। এই কমিটির বিরুদ্ধে তাঁরা শিগগিরই আন্দোলনে যাবেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার জাহান বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।

এক বছর আগে সোহরাব উদ্দিনকে আহ্বায়ক করে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। এর পর থেকে পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদের অনুসারীদের সঙ্গে দুই পক্ষের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।