আ.লীগের দুই বিদ্রোহীকে কারণ দর্শাও, তাঁরাও চান নেতাদের জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউপি নির্বাচন
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে পাঁচটিতে নির্বাচন আগামী রোববার। ভোট যতই এগিয়ে আসছে, সব কটি ইউনিয়নে নির্বাচনী পরিবেশ সহিংস হয়ে উঠছে। বিশেষ করে নৌকার প্রার্থীর সঙ্গে দলীয় বিদ্রোহীদের উত্তেজনা এখন মারমুখী রূপ পেয়েছে।

অন্য কোনো প্রক্রিয়ায় বিদ্রোহীদের বাগে আনতে না পারায় শেষে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তির কথা ভাবছে দল। এ প্রক্রিয়ার অংশ হিসেবে দুটি ইউপিতে দুই বিদ্রোহীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে দেওয়া নোটিশের জবাব ‘সন্তোষজনক’ না হলে বহিষ্কারের কথাও বলা হচ্ছে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ বিন মুছা ও সাধারণ সম্পাদক মুর্শিদ উদ্দিন স্বাক্ষরিত নোটিশটি আজ শুক্রবার সকালে প্রার্থীরা পেয়েছেন। তবে বিদ্রোহীরা বলছেন, তাঁরা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে প্রার্থী নির্বাচন করার বিষয়ে জেলা-উপজেলার শীর্ষ নেতাদের কাছে জবাব চাইবেন।

কুলিয়ারচরের পাঁচ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মোট প্রার্থী ৩৪ জন। তাঁদের মধ্যে নয়জন আওয়ামী লীগের বিদ্রোহী। তাঁরা সবাই দলীয় মনোনয়ন চেয়েও পাননি। এর মধ্যে গোবরিয়া-আবদুল্লাহপুর ইউপিতে বিদ্রোহী রয়েছে পাঁচজন। সালুয়া ইউনিয়নে সংখ্যাটি ২। বাকি ফরিদপুর, ছয়সূতী ও উসমানপুর ইউপিতে আছেন একজন করে।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া দুজনের একজন হলেন সালুয়া ইউপির বিদ্রোহী প্রার্থী মো. ইউসুফ মিয়া। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। লড়ছেন মোটরসাইকেল প্রতীক নিয়ে। সালুয়া থেকে চেয়ারম্যান পদে মোট প্রার্থী নয়জন। নৌকা প্রতীক পেয়েছেন মোহাম্মদ কাইয়ুম। তিনি দলের পদে না থাকলেও তাঁর বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

নোটিশ পাওয়া অপর প্রার্থী মো. আনিসুজ্জামান। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান। চেয়ারম্যান পদে লড়ছেন ছয়জন। নৌকার প্রার্থী ইকবাল হোসেন। ছয়জনের মধ্যে আনিসুজ্জামান আওয়ামী লীগের একমাত্র বিদ্রোহী। প্রতীক চশমা।

চিঠি পাওয়ার কথা স্বীকার করে ইউসুফ মিয়া বলেন, সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এরই মধ্যে নির্বাচন শেষ হয়ে যাবে। সুতরাং পরে কী হবে আর না হবে, তা ভাবার সুযোগ নেই। ইউসুফ জানান, তিনি দলের সভাপতি। কেন্দ্রে নামের প্রস্তাব পাঠানোর সময় ইউনিয়ন আওয়ামী লীগের রেজল্যুশন যুক্ত করে দেওয়ার বিধান রয়েছে। অথচ এ প্রক্রিয়ায় তিনি সভাপতি হিসেবে কিছুই জানেন না। সুতরাং তাঁর আগে সাংগঠনিক শৃঙ্খলা ভেঙেছেন দলের নেতারা। প্রক্রিয়াগত এ ত্রুটির বিষয়ে নির্বাচনের পর তিনি নেতাদের কাছে উল্টো জবাব চাইবেন।

ছয়সূতীর আনিসুজ্জামানের ভাষ্য, জবাব অবশ্যই দেবেন। একই সঙ্গে জবাব চাইবেনও। তাঁর মতে, জনপ্রিয়তায় বিদ্রোহীদের ঠেকানো যাচ্ছে না বলেই শোকজ নীতি নিয়েছে দল।

দলীয় নেতা-কর্মীরা জানান, শুরু থেকেই দলীয় নেতাদের নৌকার পাশে খুব বেশি দেখা যায়নি। ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বিষয়টি আরও স্পষ্ট হয়। নৌকার পাশে দল না থাকার কারণ মনোনয়ন ইস্যু। দলীয় প্রতীক বরাদ্দের বিষয়ে পাঁচটির কোনোটিতে তৃণমূলের মতামত বাস্তবায়িত হয়নি। নামের প্রস্তাব কেন্দ্রে গেছে গোপনে। ফলে ইস্যুটির শুরুতেই দলে বিভক্তি দেখা দেয়। এখন প্রতিটি ইউনিয়নে সহিংসতা ছড়িয়ে পড়েছে।

১৯ নভেম্বর ফরিদপুর ইউপিতে নৌকার প্রার্থী এস এম আজিজুল্লাহর সমর্থকদের সঙ্গে বিদ্রোহী মাসুদ মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৫ থেকে ২০টি বাড়ি ভাঙচুর হয়। এরপর প্রায় প্রতিদিন ওই ইউনিয়নে অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে।
উসমানপুর ইউপিতে নৌকার নিজাম ক্বারীর সমর্থকদের সঙ্গে বিদ্রোহী সেলিম মিয়ার সমর্থকদের ঘটা একাধিক সহিংসতার ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটে। অন্যান্য ইউপিতে পোস্টার ছেঁড়া আর ভয়ভীতি দেখানোর অভিযোগ পাওয়া যাচ্ছে। এ প্রক্রিয়ায় বরং নৌকার প্রার্থীরা কোথাও কোথাও কোণঠাসা হয়ে পড়ছেন।

দলীয় সূত্রগুলো বলছে, অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য এক সপ্তাহ আগে থেকে উপজেলা আওয়ামী লীগ প্রতিটি ইউনিয়নে সভা করেছে। তারপরও দলীয় নেতা-কর্মীদের নৌকার প্রার্থীর পক্ষে খুব বেশি সরব করতে পারেনি। যেসব ইউপিতে বিদ্রোহী প্রার্থীরা নির্বাচনী কার্যক্রম থেকে কিছুতেই পিছু হটছেন না, তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে।

মোহাম্মদ এনামুল হক গোবরিয়া-আবদুল্লাহপুর ইউপির নৌকার প্রার্থী। এই একটিমাত্র ইউপিতেই নৌকার বিদ্রোহী পাঁচজন। এনামুল হক বলেন, বিদ্রোহীর সংখ্যা কমিয়ে আনতে না পারা দলীয় দুর্বলতার প্রকাশ।

জানা গেছে, ওই ইউনিয়নে বিদ্রোহীদের মধ্যে পদ রয়েছে মো. আব্বাস উদ্দীনের। তিনি উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক। আব্বাস বর্তমান চেয়ারম্যান। গতবার বিদ্রোহী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় থেকে জয় পান। উপজেলা আওয়ামী লীগ তাঁকে দু-এক দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিতে পারে।

এ বিষয়ে আব্বাস উদ্দীন বলেন, ‘নোটিশ ধরিয়ে দিলে আর কী করা? কোনো সময় তো দল আমাকে মূল্যায়ন করল না। এখন দেখার পালা জনগণ মূল্যায়ন করে কি না।’

সার্বিক বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা বলেন, যেসব নেতা কিংবা প্রার্থীর জন্য দলীয় প্রার্থীর ক্ষতি হবে, অবশ্যই তাঁদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হবে। দলীয় শৃঙ্খলার ভঙ্গের কারণে গঠনতন্ত্রে যে শাস্তির কথা উল্লেখ আছে, সেটি মেনে নিতে হবে। এ প্রক্রিয়া চলমান থাকবে।