কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় বাসে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। আজ শুক্রবার বিকেলে পাকুন্দিয়া থানায় মামলাটি করেন অনন্য পরিবহন বাসের পরিচালক আলী আকবর। এতে ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে যাওয়া কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার পাকুন্দিয়া সদরে আওয়ামী লীগ দলীয় বর্তমান সাংসদ (কিশোরগঞ্জ-২) নূর মোহাম্মদ ও সাবেক সাংসদ মো. সোহরাব উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে বিভিন্ন দেশীয় অস্ত্র হাতে নেতা-কর্মীদের মহড়া ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। রণক্ষেত্রে পরিণত হয় উপজেলা শহর। আহত হন অন্তত ১০ জন। একপর্যায়ে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার মরুরা এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
বাসে অগ্নিসংযোগের ঘটনায় মামলার তথ্যটি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান। তিনি প্রথম আলোকে বলেন, সংঘর্ষের সময় আহত ব্যক্তিদের পক্ষ থেকে আরও একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আটক বা গ্রেপ্তার নেই।