আ.লীগের নারী প্রার্থীকে নিয়ে ফেসবুকে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ
শরীয়তপুর সদরের আঙ্গারীয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আসমা আক্তার। ১০ অক্টোবর কেন্দ্র থেকে এই মনোনয়ন ঘোষণা করা হয়। এর পর থেকেই একটি পক্ষ তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার শুরু করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আসমা আক্তার ছাত্রদলের পুরোনো একটি কমিটির ছাত্রীবিষয়ক সম্পাদক ছিলেন এমন একটি তালিকার ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে।
আসমা আক্তার বলেন, তিনি কখনো ছাত্রদল করেননি। তিনি শরীয়তপুর জেলা পরিষদের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলাবিষয়ক সম্পাদক। কেউ ষড়যন্ত্র করে ছাত্রদলের কমিটির তালিকায় অন্যের নামের স্থানে প্রযুক্তির মাধ্যমে ঘষামাজা করে তাঁর নাম জুড়ে দিয়ে অপপ্রচার চালাচ্ছে। তিনি তাঁর স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে আওয়ামী লীগের রাজনীতি করছেন দাবি করে বলেন, ‘কখনো বিএনপির রাজনীতি করিনি। আমি একজন নারী প্রার্থী, তাই দুর্বল ভেবে কেউ অপপ্রচার চালাচ্ছে।’
খোঁজ নিয়ে জানা যায়, ফেসবুকে এ ধরনের দুটি তালিকা ছড়িয়ে পড়েছে। একটিতে দেখা যায়, ২০০২ সালের ১০ জুন অনুমোদিত সদর উপজেলা ছাত্রদলের ওই কমিটির তালিকার ৪০ নম্বরে ছাত্রীবিষয়ক সম্পাদক পদের পাশে রয়েছে মোসাম্মৎ আসমা আক্তারের নাম। এদিকে আসমার সমর্থকেরা একই রকম দেখতে আরেকটি তালিকা ফেসবুকে দিয়েছেন। সেখানে দেখা যায়, ৪০ নম্বরে ছাত্রীবিষয়ক সম্পাদক পদের সামনে মোসাম্মৎ নাজমা আক্তারের নাম লেখা।
আঙ্গারীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসমা আক্তার। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় ওই সময়ের শরীয়তপুর সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুতের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, আসমা আক্তারের সঙ্গে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই। যে কমিটির তালিকা ফেসবুকে ছড়িয়ে পড়েছে, সেখানে আসমার নাম দেখা যাচ্ছে। কিন্তু এটা ভুল। ওই কমিটির ছাত্রীবিষয়ক সম্পাদক ছিলেন মোসাম্মদ নাজমা আক্তার।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, আসমার স্বামী চিকিৎসক মনিরুল। তিনি আওয়ামী সমর্থক চিকিৎসক সংগঠনের সঙ্গে যুক্ত। আসমা আওয়ামী লীগের সমর্থনে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এখন স্বেচ্ছাসেবক লীগ করেন। তিনি কখনো ছাত্রদল করেছেন, এমন তথ্য সঠিক নয়। তৃণমূল থেকে তাঁর নাম প্রস্তাব করা হয়েছিল। দল তাঁকে মনোনয়ন দিয়েছে।
আগামী ১১ নভেম্বর শরীয়তপুর সদর উপজেলার ১০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আঙ্গারীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৭ অক্টোবর রিটার্নিং অফিসারের কার্যালয়ে মোট ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসমা আক্তার। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন।