সারিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচন
আ.লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে
বগুড়ার সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যানের শূন্য পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সারিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী মনোনয়নপত্র প্রত্যাহার করায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রেজাউল করিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
শাহজাহান আলী প্রথম আলোকে বলেন, ‘শারীরিক অসুস্থতা এবং পারিবারিক সমস্যার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি।’
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ্ প্রথম আলোকে বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রার্থী ছিলেন দুজন। তাঁরা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রেজাউল করিম ও স্বতন্ত্র প্রার্থী শাহজাহান আলী। আজ রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে শাহজাহান তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় রেজাউল করিমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ঘোষণা করা হয়।
৯ অক্টোবর আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগের সংসদীয় কমিটি এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় সারিয়াকান্দি উপজেলা পরিষদ উপনির্বাচনে রেজাউলের দলীয় মনোনয়নের বিষয়টি চূড়ান্ত হয়।
প্রসঙ্গত উপজেলা চেয়ারম্যান মুহম্মদ মুনজিল আলী সরকার গত ১৮ আগস্ট মৃত্যুবরণ করলে চেয়ারম্যানের পদটি শূন্য হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর ভোট গ্রহণের কথা ছিল এখানে।